শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এদিন 'জাস্টিস ফর রাহুল' স্লোগানে রাজপথে নামছেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা। ক'দিন ধরেই 
সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। চার সংগঠনের আয়োজনে হচ্ছে এই মিছিল। চার সংগঠনের মধ্যে রয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন ওরফে ইম্পা, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স ওফ ইস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম ও ধারাবাহিকের প্রযোজক সংগঠন।

এদিন টেকনিশিয়ান স্টুডিওতে একজোট হয়েছেন বহু তারকা থেকে কলাকুশলীরা। রয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক রাণা সরকার, সৃজিত মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী, জিতু কামাল, দিব্যজ্যোতি দত্ত, ঋষি কৌশিক, লগ্নজিতা চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, জয়দীপ মুখার্জি, অরিন্দম শীলের মতো বহু তারকা।

রাহুলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন যে টেকনিশিয়ানরা, তাঁরাও এদিনের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। সঙ্গে রয়েছে প্ল্যাকার্ড, তাতে লেখা 'জাস্টিস ফর রাহুল'। জানা যাচ্ছে, টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত মিছিলে হাঁটা হবে। 

প্রসঙ্গত, শনিবার সকালেই জানা গিয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ জানিয়ে এফআইআর করতে তালসারি যেতে পারেন প্রিয়াঙ্কা সরকার। এই বিষয়ে এবার নতুন তথ্য জানা যাচ্ছে। শনিবার দুপুর দু'টোর পর আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে প্রিয়াঙ্কা সরকারও রিজেন্ট পার্ক থানায় যান ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করতে। জানা গিয়েছে এখানে অভিযোগ জানানোর পর তালসারি যেতে পারেন রাহুলের স্ত্রী। সঙ্গে থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তর মতো অভিনেতারা।