মাকে হারালেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। বৃহস্পতিবার ভোররাতেই ঘটে এই অঘটন। হঠাৎই স্ট্রোকের কারণে আর শেষরক্ষা হয় না। বাড়িতেই মারা যান অভিনেত্রীর মা। শোকে আচ্ছন্ন অভিনেত্রী। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল কাঞ্চনার সঙ্গে। তাঁর গলা ধরা। কান্না চেপে অভিনেত্রী বলেন, "কী বলব বুঝতে পারছি না। হঠাৎই চলে গেলেন মা। গতকাল রাত দেড়টা পর্যন্ত দু'জন বসে কত গল্প করলাম। কী করে বুঝব এমনটা হবে? একটুও তো সময় দিলেন না।"

 


কাঞ্চনা আরও বলেন, "ভোর সাড়ে তিনটে নাগাদ যখন হাসপাতালে নিয়ে যাই তখনই বুকটা কেমন করছিল। আসলে মায়ের শরীর ভারী হয়ে গিয়েছিল। গাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা দেখেই আমায় বলেন মা আর নেই। আসলে বাড়িতেই সব শেষ হয়ে গিয়েছিল। বুঝতেই পারলাম না।" 

 


অভিনেত্রীর কথায়, "আজ আমার ছবি খাঁচার প্রোমোশন ছিল। আমি গতকাল রাতেই মাকে জিজ্ঞাসা করেছিলাম যে কী পরব না পরব। মা বকাও দিচ্ছিলেন যে কেন আগের দিনই তাড়াহুড়ো করি সব সময়। আমি ভাবতেই পারছি না কিছু। এভাবে সবটা শেষ হয়ে যাবে!"

 

জানা যাচ্ছে, মৃত্যুকালে অভিনেত্রীর মায়ের বয়স হয়েছিল ৭২ বছর। কাঞ্চনা একমাত্র সন্তান। তাই সমস্ত দায়িত্ব এখন নিজের কাঁধেই। ২০১৪ সালে বাবাকেও হারিয়েছেন অভিনেত্রী। তাই এবার মাকেও হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। তবে কাঞ্চনা জানান, খুব তাড়াতাড়ি কাজে ফিরতে চান তিনি। কারণ, এই সময় কাজই তাঁর একমাত্র শান্তির জিনিস যা তাঁকে একটু হলেও শোক ভুলতে সাহায্য করবে।

 

প্রসঙ্গত, এই মুহূর্তে কাঞ্চনাকে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক 'ও মোর দরদিয়া'য়। হাতে রয়েছে আরও বেশকিছু কাজ। এছাড়াও আগামীতে তাঁকে দেখা যেতে চলেছে 'কপাল ২' ছবিতে। কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে 'কপাল'। ছবিতে কাঞ্চনা ধরা দিয়েছিলেন একেবারে ভিন্ন অবতারে। এবার এই ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন অভিনেত্রী।