অনেকদিন ধরেই অভিনেত্রী তিতিক্ষা দাসের ছোটপর্দায় ফেরার গুঞ্জন চলছে। কিন্তু সেই খবর এখনও পাকা হয়নি। তার আগে জানা যাচ্ছে, তিতিক্ষাকে দেখা যেতে চলেছে ওটিটির পর্দায়। এর আগেও তাঁকে হইচই-এর 'কাবেরী', 'গভীর জলের মাছ' সিরিজে দেখা গিয়েছিল। তবে এবার ভার্টিকাল ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। জি ফাইভ ও বুলেট অ্যাপ অনেকদিন ধরেই রিলের আকারে ওয়েব সিরিজ তৈরি করছে। সেই প্রকল্পের নয়া সংযোজন তিতিক্ষা অভিনীত এই সিরিজটি। পরিচালনায় অনির্বাণ মল্লিক।

এই সিরিজে তিতিক্ষার সঙ্গে থাকবে আরও দুই মুখ্য চরিত্র। সূত্রের খবর, দেখা যেতে চলেছে মনামী ঘোষ ও অনিন্দ্য সেনগুপ্তকে। ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে এগোবে এই ভার্টিকাল সিরিজ। এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি এই সিরিজের। শুটিং শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি।

ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। বিভিন্ন ওটিটি ও চ্যানেলের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব।‌ এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা। এই ধরনের প্রজেক্টকে 'ভার্টিকাল সিরিজ' নাম দিয়েছেন নির্মাতারা। 

প্রসঙ্গত, তিতিক্ষা ছোটপর্দার পরিচিত মুখ। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'দুই শালিক'-এ। দুই যমজ বোনের গল্প নিয়ে এগিয়েছিল এই মেগা। তিতিক্ষার সঙ্গে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল নন্দিনী দত্তকে। যাঁকে এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য় দেখছেন দর্শক। ওই ধারাবাহিকের পর তিতিক্ষা ক্যামিও করেছিলেন রাহুল মুখার্জির ছবি 'মন মানে না'তে।