সংবাদসংস্থা মুম্বই: প্রথমে দূরদর্শনে, পরে ছবিতে। পর পর প্রত্যাখ্যান। প্রথমে, ছোটপর্দাতেও আসর জমাতে পারেননি এই অভিনেত্রী। অথচ সময় পেরিয়ে তিনি হয়ে উঠেছেন বলিউডের 'ধক ধক গার্ল'। একসময় সব চাইতে উচ্চ পারিশ্রমিক পেতেন এই অভিনেত্রী। তিনি মাধুরী দীক্ষিত। ১৯৬৭ সালের ১৫ মে তাঁর জন্মদিন। বলিউডে তিনি নিজের রাজত্ব চালিয়েছেন দাপটের সঙ্গেই। এখনও তিনি নানা অনুষ্ঠানের অন্যতম মুখ। তাঁর অগণিত ভক্তের প্রিয় 'মাধুরী'। তাঁর এই যাত্রা পথ হার মানাবে যে কোনও রূপকথাকেও। ১৯৮৪ সালে দূরদর্শনে 'বম্বে মেরি হ্যায়' দিয়ে যাত্রা শুরু করেন মাধুরী। মাত্র একটা এপিসোডের পরেই পরিচালক বেঞ্জামিন গিলানি সিদ্ধান্ত নেন সেই বন্ধ করার। টিভিতে সফল না হলেও সেই বছরেই 'অবোধ' ছবি দিয়ে বড়পর্দায় ডেবিউ করেন তিনি। ছবিটি বক্স অফিসে সফল হয়নি। বার বার হোঁচট খেতে হয়েছে তাঁকে। এরপর ডাক আসে বলিউডে। 'তেজাব' তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিনয়, ডান্স নম্বর - আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। পর পর 'বেটা', 'হাম আপকে হ্যায় কৌন', 'রাম লক্ষণ' সব হিট! বলিউডে শুরু হয় মাধুরীর রাজত্ব। বাকিটা ইতিহাস।
Madhuri Dixit: প্রত্যাখ্যানের পাহাড় পেরিয়ে বলিউডের 'ধক ধক গার্ল'! নীরবে ইতিহাস গড়েছেন এই অভিনেত্রী!
















