শহরের বুকে ফের এক তরুণী চিকিৎসকের হত্যা। আর সেই হত্যাকাণ্ডকে ঘিরে ঘনাচ্ছে রহস্য। তবে এটি কিন্তু বাস্তবে ঘটেনি, শীঘ্রই ঘটতে চলেছে বড়পর্দায়। আসছে সৌভিক দে পরিচালিত ছবি 'দ্য ক্যালকাটা ফাইলস'।
কোন গল্প দেখা যাবে 'দ্য ক্যালকাটা ফাইলস'-এ? জানা গিয়েছে, 'দ্য ক্যালকাটা ফাইলস' একটি শক্তিশালী সামাজিক-রাজনৈতিক ক্রাইম থ্রিলার হতে চলেছে। এখানে ফুটে উঠবে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ন্যায়বিচারের লড়াইয়ের গল্প। এই গল্পের কেন্দ্রে রয়েছেন তরুণী চিকিৎসক আরোহী সেন। আরোহী সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করেন। এরপরই রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। আরোহীর হত্যাকাণ্ড গোটা শহরকে নাড়িয়ে দেয়। তদন্তের দায়িত্ব পান সৎ ও নির্ভীক ক্রাইম ব্রাঞ্চ অফিসার আদিত্য বর্মন এবং তাঁর সহকারী চয়ন। তদন্তের অগ্রগতির সঙ্গে সামনে আসে ক্ষমতা, রাজনীতি ও অপরাধের এক গভীর চক্রান্ত। একজন মায়ের ন্যায় বিচার পাওয়ার সংগ্রাম এবং একজন পুলিশ অফিসারের সত্য উদঘাটনের লড়াইয়ের গল্প ফুটে উঠবে 'দ্য ক্যালকাটা ফাইলস' ছবিতে।

আদিত্য বর্মনের চরিত্রে থাকবেন রজতাভ দত্ত। পায়েল দাস অভিনয় করবেন আরোহীর চরিত্রে। রজতাভ অর্থাৎ আদিত্যর সহকারী চয়নের ভূমিকায় ধরা দেবেন বর্ষীয়ান অভিনেতা চন্দন সেন। মুখ্যমন্ত্রী সুস্মিতার ভূমিকায় থাকবেন স্বাগতা মুখোপাধ্যায়। ডাক্তার হিসেবে দেখা যাবে সুদীপ মুখোপাধ্যায়কে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন লাবনী দরকার, যুধাজিৎ সরকার, গৌরব রায়চৌধুরী, প্রমুখ।

'দ্য ক্যালকাটা ফাইলস' ছবিটির পরিচালনা করেছেন সৌভিক দে। প্রযোজনা তাপসী দাসের। গল্পটিও সৌভিক দের। চিত্রনাট্য লিখেছেন সৌভিক দে, অর্ণব ভৌমিক এবং অভিষেক ভট্টাচার্য। দেব সেন এবং সৌম্যদীপ চক্রবর্তী ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন। বলাই বাহুল্য, ছবির গল্পে আরজি কর কাণ্ডের ছায়া বোঝা যাচ্ছে।
















