নতুন কাজ নিয়ে ফিরতে চলেছেন বিক্রম চট্টোপাধ্যায়। ফিরছেন 'তারকাটা' হয়ে। প্রকাশ্যে এল তাঁর নতুন সিরিজের ঝলক।
এদিন 'তারকাটা' সিরিজের যে ঝলক প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বিক্রম চট্টোপাধ্যায় পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন। কিন্তু তাঁর তার কেটে যাওয়ায়, তিনি এখন ডিটেকটিভ! টিজার জুড়ে কেবলই ধুন্ধুমার অ্যাকশন। মার খেয়ে আঘাত পেলে তাঁকে কখনও সেখানে আইসক্রিম লাগাতে দেখা যাচ্ছে, কখনও আবার পানশালায় নাচছেন। বাদ দিচ্ছেন না অ্যাকশন করতে। রয়েছে চেজিং দৃশ্যও।
বিক্রমের দুই রূপই ফুটে উঠেছে সিরিজের ঝলকে। কখনও তিনি পুলিশ অফিসার হয়ে ধরা দিলেন, কখনও ডিটেকটিভ হয়ে। তার কেটে গিয়েছে, বলেই নাকি তিনি ডিটেকটিভ হয়েছেন। তাঁর মাসল মেমোরি বেশি। তবে চমক এখানে নয়। খলনায়ক হিসেবে গল্পে এন্ট্রি নেবেন মায়াং চ্যাং। 'তারকাটা' সিরিজের টিজারে তাঁর ঝলকের পাশাপাশি, প্রিয়াঙ্কা সরকারকেও দেখা গিয়েছে। তিনিও এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন।
প্রসঙ্গত, 'তারকাটা' সিরিজটি পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। অভিনয়ে বিক্রম চট্টোপাধ্যায়, মায়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য, সুস্মিতা রায়, জয়দীপ মুখোপাধ্যায়, প্রমুখ। জি ফাইভে দেখা যাবে এই সিরিজে। জুন মাসে প্রিমিয়ার হবে।
বিক্রম চট্টোপাধ্যায়ের এই নতুন লুকে মুগ্ধ দর্শকরা। তাঁদের মধ্যে কেউ জানিয়েছেন 'এটি সিরিজ না হয়ে যদি ছবি হিসেবে আসত, তাহলে বিক্রম সুপারস্টার বনে যেতেন।' কারও আবার দাবি, 'বিক্রম দিন দিন আগুন হয়ে উঠছে।'
প্রসঙ্গত, ছোটপর্দার হাত ধরে বিক্রম চট্টোপাধ্যায়ের সফর শুরু হয়েছিল। এরপর তিনি বড়পর্দায় দাপিয়ে কাজ করেছেন। আত্মপ্রকাশ করেছেন গায়ক হিসেবেও। সদ্যই তিনি প্রযোজনায় পা রেখেছেন। তাঁর প্রযোজনায় তৈরি হয়েছে তারকাটা। এই সিরিজের অফিসিয়াল পোস্টারে দেখা গিয়েছিল বিক্রম চট্টোপাধ্যায় রক্ত মেখে ঘেমে হাতে বন্দুক ধরে আছেন। শুধু তাই নয়, সেটিকে তাক করে আছেন তাঁর গলার দিকেও। আর পোস্টারের পিছনে লেখা টিনটিন, খিদে পেয়েছে, মালটা কে, ইত্যাদির মতো কিছু শব্দ।
প্রসঙ্গত, 'তারকাটা' সিরিজটির শুটিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন বিক্রম। সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজেই ব্যাপারটা জানিয়েছিলেন বিক্রম। আজকাল ডট ইনকে অভিনেতা এই বিষয়ে জানান, "তারকাটা' অ্যাকশন সিরিজ৷ একটি মেলার মধ্যে শুট করছিলাম আমরা। একটা দৃশ্য ছিল যেখানে সত্যম ঢুকবে আর আমাকে বাঁচাবে। সত্যম আমাকে ফ্রেম থেকে ধরে নিয়ে বেরোবে- এরকম হওয়ার কথা ছিল। বেরোনোর সময় আমি আর সত্যম দু'জনেই ব্যালান্স হারাই। সত্যম আমার উপর পড়ে৷ প্রথমে হাঁটুতে লাগে তারপর গোড়ালি মচকে যায়।' সেই সময় প্রায় সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হয় অভিনেতাকে। মার্চ মাসের শেষ দিকেই শুটিং শেষ হয়েছে এই সিরিজের। এবার পালা এই সিরিজ মুক্তির।















