বাংলা ওটিটি দুনিয়ায় এবার বড় ধামাকা!  বিক্রম চট্টোপাধ্যায় এবার স্রেফ অভিনেতা হিসেবে নন, আত্মপ্রকাশ করছেন প্রযোজক হিসেবেও। তাঁর প্রযোজনা সংস্থা ‘বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মস’-এর প্রথম নিবেদন 'তারকাটা' আসতে চলেছে জি-ফাইভ-এর পর্দায়। অ্যাকশন, ডার্ক হিউমার আর রহস্যে মোড়া এই সিরিজটি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

 

বাংলা ওয়েব সিরিজের সংজ্ঞা বদলে দিতে আসছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর প্রথম নিজস্ব প্রযোজনা ‘তারকাটা’ নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন তিনি। শমীক রায় চৌধুরীর পরিচালনায় এই সিরিজটি স্রেফ একটি ইনভেস্টিগেটিভ থ্রিলার নয়, বরং এটি অ্যাকশন এবং ডার্ক হিউমারের এক টানটান ককটেল। উল্লেখ্য, ছোটপর্দার হাত ধরে বিক্রম চট্টোপাধ্যায়ের সফর শুরু হয়েছিল। এরপর তিনি বড়পর্দায় দাপিয়ে কাজ করেছেন। আত্মপ্রকাশ করেছেন গায়ক হিসেবেও। সদ্যই তিনি প্রযোজনায় পা রেখেছেন। তাঁর সেই প্রযোজনা সংস্থার আগামী কাজ আসতে চলেছে শীঘ্রই। সেখানেই তাঁর 'তারকাটা' হিসেবে দেখা যাবে। এই সিরিজটির নামও তারকাটা। 

‘বেলাইন’ ছবিখ্যাত পরিচালক শমীক রায় চৌধুরী রয়েছে এই সিরিজ পরিচালনার দায়িত্বে। তাঁর পরিচালনায় প্রধান চরিত্রে দেখা যাবে বিক্রমকে। সিরিজটির প্রযোজনা করেছে বিক্রম চ্যাটার্জি ফিল্মস প্রোডাকশন। বিক্রম চট্টোপাধ্যায় এবং অভিনব ঘোষ প্রযোজক। সিরিজটির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক শমীক নিজেই, তাঁর সঙ্গে সৌমিত দেব, এবং অভিনব ঘোষ। সংলাপ সৌমিতের। 

 

‘তারকাটা’-র গল্প অনেকটা এরকম - এক প্রাক্তন পুলিশ অফিসার বেশ জটিল পরিস্থিতির চাপে নিজের পুরোনো শহরে ফিরে আসেন। সেখানে একটি রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় তদন্ত। কিন্তু সেই তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে এমন কিছু গোপন সত্যি, যা জড়িয়ে আছে তাঁর নিজেরই অবদমিত অতীতের সঙ্গে।


এই সিরিজের সবচেয়ে বড় পাওনা হল এর কাস্টিং। বিক্রম এবং প্রিয়াঙ্কার চিরচেনা রসায়নের পাশাপাশি এখানে বড় চমক হিসেবে থাকছেন গায়ক-অভিনেতা মেয়্যাং চ্যাঙ। এটিই তাঁর কেরিয়ারের প্রথম বাংলা প্রজেক্ট।

১. বিক্রম চট্টোপাধ্যায় (অগ্নি): এক সময়ের কিংবদন্তি পুলিশ অফিসার, কিন্তু বর্তমানে এক বিধ্বস্ত মানুষ। স্মৃতিভ্রংশ এবং নেশার জালে জড়িয়ে থাকলেও তাঁর শরীর আজও মনে রেখেছে লড়াইয়ের ভাষা।

 

২. প্রিয়াঙ্কা সরকার (ছন্দা): পেশাদার এবং তাঁর পাশাপাশি অত্যন্ত আবেগপ্রবণ এক নারী, যিনি মৃত্যুকে ক্লিনিক্যালি বুঝলেও তার আবেগ এখনও ধারণ করতে শেখেননি।

 

৩. মেয়্যাং চ্যাঙ (ডোডো): সিরিজের সবচেয়ে রহস্যময় চরিত্র। বাইরে থেকে আধুনিক ও উপকারী মনে হলেও, আড়ালে লুকিয়ে আছে এক চরম নিষ্ঠুর মানসিকতা। চ্যাঙের এই নেতিবাচক চরিত্র সিরিজটিতে নতুন মাত্রা যোগ করবে।

 

এছাড়াও সিরিজে দেখা যাবে জয়দীপ মুখোপাধ্যায় (অশোক চৌধুরী), সত্যম ভট্টাচার্য (বুম্বা বাগচী) এবং আয়ুষ দাসের (টিনটিন) মতো শক্তিশালী অভিনেতাদের।

 


তারকাটা সম্পর্কে জি-ফাইভ বাংলার বিজনেস হেড রুশা ব্যানার্জির কথায় , “ 'তারকাটা' সিরিজে দর্শকদের জন্য পরিচিত অথচ অজানা এক জগত তুলে ধরা হবে। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হল এর স্টারকাস্ট। আমরা নিশ্চিত যে দর্শক এই সিরিজটি দারুণ উপভোগ করবেন।”