স্টার জলসার পর্দায় আসছে স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজের আরও একটি নতুন ধারাবাহিক। ক'দিন ধরেই টলিপাড়ায় জল্পনা ছিল এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা দেকে। এবার জানা যাচ্ছে, তাঁর বিপরীতে থাকবেন এক নতুন মুখ। 

সুস্মিতা যে ছোটপর্দায় ফিরছেন সেই খবরের পাশাপাশি এল তাঁর নতুন নায়কের পরিচিতিও। সূত্রের খবর, সুস্মিতার নায়ক হচ্ছেন নবাগত সৌম্যদীপ দত্ত। সৌম্যদীপকে আগে বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্বচরিত্রে দেখেছেন দর্শক। তবে নায়ক হিসেবে এটাই তাঁর প্রথম কাজ। সৌম্যদীপ মূলত মডেলিং করেন, সেখান থেকেই পরিচিতি। এবার সুস্মিতার সঙ্গে নতুন নায়কের জুটি কতটা মন কাড়ে দর্শকের এখন সেটাই দেখার। 

জানা যাচ্ছে, এই ধারাবাহিকের গল্প এগোবে নিখাদ ভালবাসাকে ঘিরে। সঙ্গে দেবে সামাজিক বার্তাও। ইতিমধ্যেই নাকি প্রথম প্রোমো শুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। তবে নাম এখনও জানা যায়নি। আগামী ১ জুলাই থেকেই শুরু হবে সুস্মিতা-সৌম্যদীপের নতুন ধারাবাহিকের শুটিং। 

প্রসঙ্গত, এর আগে স্টার জলসাতেই শেষ কাজ ছিল সুস্মিতার। তাঁকে এখনও দর্শক 'কথা' বলেই চেনেন। অভিনেতা সাহেব ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। আর ওই ধারাবাহিক দারুণ হিট হয়েছিল। 'কথা' শেষ হতেই সাহেব-সুস্মিতার জুটিকে পর্দায় ফের দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শক। দু'জন ফিরলেন ঠিকই, কিন্তু বিপরীতে অন্য নায়ক-নায়িকা। এই মুহূর্তে দর্শক সাহেবকে দেখছেন স্টার জলসার 'গঙ্গা' ধারাবাহিকে। তিনি ওই মেগায় অভিনেত্রী হিয়া মুখার্জির সঙ্গে জুটি বেঁধেছেন।