বলিউডের অলিন্দে বছরের পর বছর ধরে একটি গুজব বেশ জাঁকজমকভাবেই টিকে রয়েছে। গুঞ্জনটি হল— নয়ের দশকের ‘ধক ধক’ গার্ল তথা মহাতারকা মাধুরী দীক্ষিত-এর বিয়ের প্রস্তাব নাকি এক সময় ফিরিয়ে দিয়েছিলেন জনপ্রিয় প্লেব্যাক গায়ক সুরেশ ওয়াড়কর! রিজেক্ট করার কারণ হিসেবে রটেছিল, সুরেশ ওয়াড়করের নাকি মনে হয়েছিল মাধুরী তখন ‘বড্ড রোগা’। দশকের পর দশক ধরে চলা এই হাইপ্রোফাইল গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন জাতীয় পুরস্কার জয়ী গায়ক সুরেশ ওয়াড়কর। খোলসা করলেন আসল সত্যিটা ঠিক কী ছিল।


সম্প্রতি একটি টক-শো-তে হাজির হয়ে এই দীর্ঘদিনের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সুরেশ ওয়াড়কর। হাসতে হাসতে এই বিষয়ে তিনি বলেন, “হে ভগবান! সেই মাধুরীর গুজবটা! মাধুরী তো আমাকে কোনওদিন... আমার মাথায় যে ক’টা আসল চুল বেঁচে আছে, ওগুলোও ও টেনে ছিঁড়ে নেবে। ও আমার আজও খুব ভাল বন্ধু এবং ইন্ডাস্ট্রির সহকর্মী। ওকে আমি ভীষণ পছন্দ করি। আসলে এই পুরো শয়তানিটা অর্চনা পূরণ সিংয়ের করা! অর্চনাও আমার বোনের মতো, আমাকে খুব ভালবাসে। ও কোথা থেকে যেন এই গল্প শুনে টেলিভিশনের একটা শো-তে বলে দিয়েছিল। ব্যস! তারপর থেকে আজ পর্যন্ত আমি যত সাক্ষাৎকার দিই, সব জায়গায় আমাকে এই একটা প্রশ্ন শুনতে হয়।”

কথোপকথনের সময় সুরেশ ওয়াড়করকে জিজ্ঞেস করা হয়, তিনি কি কখনও এই গুজব নিয়ে মাধুরীর সঙ্গে ব্যক্তিগতভাবে কোনও আলোচনা করেছিলেন? উত্তরে গায়ক জানান, ওঁদের মধ্যে কখনও এই নিয়ে কথা হয়নি। তবে হ্যাঁ, সেই সময় তিনি যখন টিনসেল টাউনের অন্যতম ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ ছিলেন, তখন হয়তো পর্দার আড়ালে কিছু একটা ঘটেছিল।

 

 

সুরেশ ওয়াড়করের কথায়, “হতেই পারে সেই সময় ওঁর বাবার তরফ থেকে (বিয়ের বিষয়ে) কোনও খোঁজখবর নেওয়া বা সুলুকসন্ধান করা হয়েছিল। কিন্তু লোকে লিখে দিল যে সুরেশ ওয়াড়কর নাকি মাধুরীকে রিজেক্ট করেছে কারণ ও খুব রোগা ছিল! রোগা তো ও অবশ্যই ছিল। ওঁর প্রথম ছবি ‘অবোধ’ (Abodh) দেখলে বুঝতে পারবেন ও কতটা রোগা-পাতলা ছিল। কিন্তু আসল কথা হল, কোনও বিয়ের প্রস্তাব তো আমার কান পর্যন্ত বা আমার কাছে পৌঁছায়ইনি! তাহলে আমি মানা করলাম কীভাবে? ততদিনে আমার জীবনে পদ্মা (সুরেশ ওয়াড়করের স্ত্রী) চলে এসেছিল। পদ্মা আমার ছাত্রী ছিল।”

সুরেশ ওয়াড়করের সঙ্গে বিয়ের প্রস্তাবের এই গল্প যে পুরোপুরি গুজব, তা সময়ের সাথেই প্রমাণিত হয়ে গেছে। ১৯৯৯ সালের ১৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের চিকিৎসক শ্রীরাম নেনের সাথে সাত পাকে বাঁধা পড়েন মাধুরী দীক্ষিত। ওঁদের দুই সন্তানও রয়েছে— আরিন এবং রায়ান।

ব্যক্তিগত জীবনের এই পুরোনো বিতর্কের মাঝেই মাধুরী দীক্ষিত কিন্তু বর্তমানে ওঁর নতুন ছবি নিয়ে ওটিটি দুনিয়া কাঁপাচ্ছেন। গত ৪ জুন, ২০২৬-এ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওঁর ডার্ক কমেডি-থ্রিলার ছবি ‘মা বহেন’ । ‘তোমারি সুলু’ এবং ‘জলসা’ খ্যাত পরিচালক সুরেশ ত্রিবেণীর পরিচালনায় এই ছবিতে মাধুরীর সাথে স্ক্রিন শেয়ার করেছেন তৃপ্তি দিমরি, ধারণা দুর্গা এবং রবি কিষাণ। ছবিতে নিজের বাড়িতে একজন মানুষ মারা যাওয়ার পর মেয়ের সাহায্য নিয়ে মাধুরীর চরিত্রটি যেভাবে পরিস্থিতি সামাল দেয়, তা দর্শকদের দারুণ পছন্দ হয়েছে।