আইনি বিপাকে জড়িয়ে পড়লেন সানি নিওন। কর্ণাটকের প্রায় ২,৪০০ কোটি টাকার একটি বিশাল আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অভিনেত্রীর। কর ফাঁকি বা ব্যক্তিগত কোনও  জালিয়াতি নয়, বরং একটি বড়সড় পঞ্জি স্কিমের তদন্ত করতে গিয়ে কর্ণাটকের অপরাধ তদন্ত বিভাগ সানি লিওনের ব্যাঙ্কিং লেনদেনের হদিশ পেয়েছে। আর সেই সূত্র ধরেই অভিনেত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে সিআইডি।

তবে অভিনেত্রীর অনুরাগীদের জন্য স্বস্তির খবর হল, তদন্তকারীরা স্পষ্ট জানিয়েছেন সানি লিওন এই মামলার কোনও 'অভিযুক্ত' নন, কেবল তদন্তের স্বার্থে এবং আর্থিক লেনদেনের সত্যতা যাচাই করতেই তাঁকে এই নোটিশ পাঠানো হয়েছে।

পুরো ঘটনার সূত্রপাত 'শিবম অ্যাসোসিয়েটস' নামের একটি সংস্থার হাত ধরে। এই সংস্থার কর্ণধার শিবানন্দ নীলান্নাভার সাধারণ মানুষকে বার্ষিক ৩৬% থেকে ৬০% পর্যন্ত রিটার্নের লোভ দেখিয়ে প্রায় ২,৪০০ কোটি টাকা বাজার থেকে তোলেন। কর্ণাটক এবং মহারাষ্ট্রের প্রায় ৪০,০০০ মধ্যবিত্ত মানুষ এই ফাঁদে পা দেন।

তদন্তে নেমে সিআইডি জানতে পারে, আমানতকারীদের থেকে তোলা এই বিপুল টাকা কেবল শেয়ার বাজারেই খাটানো হয়নি, বরং তার একটি বড় অংশ ঢালা হয়েছিল সিনেমা তৈরিতে! মূল অভিযুক্ত শিবানন্দ নীলান্নাভার ২০২৩ সালে একটি কন্নড় সিনেমা প্রযোজনা করেন, যার নাম ছিল 'চ্যাম্পিয়ন'। আর এই সিনেমারই একটি আইটেম গান "ডিংগারা বিল্লি নানু"-তে কোমর দুলিয়েছিলেন সানি লিওন।
গ্ল্যামারাস এই নাচের জন্য সানি লিওনকে প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সিআইডি-র সন্দেহ, সানিকে দেওয়া এই বিপুল টাকা আসলে সাধারণ মানুষের প্রতারিত হওয়া সঞ্চয় থেকেই দেওয়া হয়েছিল।

তদন্তের গভীরতা কতটা, তা বোঝাতে গিয়ে সিআইডি-র ডিআইজি ভীমাশঙ্কর গুলেদ জানান, একটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রায় ৩৬,২০০ পাতার লেনদেনের নথি খতিয়ে দেখতে হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের। আর সেখানেই সানি লিওনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া ১ কোটি টাকার হদিশ মেলে। তদন্তকারীদের বক্তব্য, "যেহেতু এই টাকাটি একটি অপরাধের উৎস থেকে এসেছে বলে মনে করা হচ্ছে, তাই নিয়মানুযায়ী সানি লিওনকে তাঁর পারিশ্রমিক এবং চুক্তির সমস্ত নথিপত্র জমা দিতে বলা হয়েছে। আমরা জানতে চাই, এই লেনদেনটি সম্পূর্ণ আইনি উপায়ে হয়েছিল কিনা।"

আর্থিক কেলেঙ্কারির সঙ্গে গ্ল্যামার ওয়ার্ল্ডের যোগ নতুন কিছু নয়। এর আগে রোজভ্যালি বা সারদা কাণ্ডে টলিউডের একাধিক তারকা এবং সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের নাম জড়িয়েছিল। এবার কর্ণাটকের এই মেগা স্কিমে সানি লিওনের নাম জড়ানোয় নতুন করে চর্চা শুরু হয়েছে রুপোলি পর্দায়।

শোনা যাচ্ছে, শুধু সানি লিওনই নন, 'চ্যাম্পিয়ন' সিনেমার সঙ্গে যুক্ত আরও বেশ কয়েকজন দক্ষিণী তারকা এবং কলাকুশলীকেও খুব শীঘ্রই সিআইডি তলব করতে পারে। বর্তমানে মূল অভিযুক্ত শিবানন্দ নীলান্নাভার পুলিশি হেফাজতে রয়েছেন।