বলিউডে সানি লিওনের এন্ট্রি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরিচালক মহেশ ভাট। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জিসম ২' (Jism 2)-এর হাত ধরেই অশ্লীল ছবির জগৎ ছেড়ে হিন্দি ছবির জগতে পা রেখেছিলেন সানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেশ ভাট এই ছবি এবং সানিকে কাস্ট করা নিয়ে নানা অজানা কথা ভাগ করেছেন।
পরিচালকের মতে, দর্শকরা কখনই একজন অশ্লীল ছবির পরিচিত নায়িকাকে পর্দায় চিরাচরিত ভারতীয় সমাজের স্ত্রীর চরিত্রে দেখতে প্রস্তুত ছিলেন না। পূজা ভাটের পরিচালনায় তৈরি এই ইরোটিক থ্রিলার সিনেমাটি ঘিরে দর্শকের মনে অন্যরকম প্রত্যাশা ছিল। মানুষ ভেবেছিল সানিকে পর্দায় অত্যন্ত বোল্ড অবতারে দেখা যাবে। কিন্তু ছবিতে তাঁর চরিত্রটি ছিল সম্পূর্ণ আলাদা। এই ফারাকের জন্যই ছবিটি বক্স অফিসে সেভাবে ম্যাজিক দেখাতে পারেনি বলে মনে করেন মহেশ ভাট।
মহেশ ভাট জানান, সেই সময় ‘বিগ বস ৫’ রিয়্যালিটি শো চলাকালীন সানিকে ছবির অফার দেওয়া হয়েছিল। শো-এ সানির এন্ট্রি ঘিরে দেশজুড়ে কম বিতর্ক বা আলোড়ন তৈরি হয়নি। তবে সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়ে মহেশ ভাট সানির কাস্টিংকে সমর্থন করেছিলেন। যদিও ছবির বিষয়বস্তু ও দর্শকের মানসিকতার দ্বন্দ্বে ছবিটির ব্যবসা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবুও সানির স্টারডমের সুবাদে প্রথম তিন দিনে ছবিটি বেশ ভাল ওপেনিং পেয়েছিল। বর্তমানে সানি যেভাবে মূলধারার অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন, তাতে মহেশ ভাট বেশ খুশি বলেও জানান।
মহেশ ভাটের কথায়, "ভারতের মতো একটা দেশে, বিগ বসের মতো এমন একটা রিয়্যালিটি শো-তে কীভাবে একজন অশ্লীল ছবির তারকাকে আনতে পারেন যা প্রতিটি ঘরে ঘরে দেখা হবে?’ এই নিয়ে কিছু গোলমাল তৈরি হয়েছিল। ভারত এক সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির দেশ, এখানে এসব চলত না তখন।"
















