টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বড়পর্দায় গোবিন্দার স্ত্রী!
অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা ও ছেলে যশ খুব শীঘ্রই বড়পর্দায় একসঙ্গে পা রাখতে চলেছেন। একতা কাপুরের প্রযোজনায় এই নতুন ছবিতে মা ও ছেলের রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। সম্প্রতি সুনীতা জানিয়েছেন যে, এই ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, "ছবিতে আমি যশের মায়ের চরিত্রেই অভিনয় করছি। সম্ভবত বলিউডের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটছে, যেখানে মা ও ছেলে একসঙ্গে লঞ্চ হচ্ছেন।" একতা কাপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুনীতা জানান, একতার কারণেই তিনি নতুন করে কাজের উৎসাহ পেয়েছেন।
ফের একসঙ্গে প্রিয়াঙ্কা-লারা
উইম্বলডনের গ্যালারিতে যেন ফিরে এল ২০০৩ সালের নস্টালজিয়া। দীর্ঘ দু'দশকের বেশি সময় পর টেনিস কোর্টের পাশে একে অপরের মুখোমুখি হলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং লারা দত্ত। তাঁদের এই সাক্ষাৎ মুহূর্তে নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।উইম্বলডন দেখতে গিয়ে প্রিয়াঙ্কা এবং লারা দু'জনেই একে অপরের সঙ্গে দেখা করেন। প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় লারার সঙ্গে একটি ছবি ভাগ করেছেন সমাজমাধ্যমে। উল্লেখ্য, প্রিয়াঙ্কা এবং লারা দু'জনেই ২০০০ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছিলেন। এরপর ২০০৩ সালে রাজ কানওয়ারের ‘আন্দাজ’ সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
ফের আইনি জটে 'সতলুজ'
অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের অভিনীত ছবি 'সতলুজ' ঘিরে বিতর্ক যেন থামছেই না। ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবিটি সরিয়ে নেওয়া হলেও, অভিযোগ উঠেছে যে পাঞ্জাব ও জম্মু সহ বিভিন্ন জায়গায় গোপনে এর বেআইনি প্রদর্শনী চলছে। এই ঘটনার প্রেক্ষিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। আইনজীবী বিনীত জিন্দাল অভিযোগ করেছেন, এই বেআইনি প্রদর্শনীগুলি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে এবং এর ফলে জনশৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়টি নিয়ে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাঁর দাবি, যাঁরা এই বেআইনি প্রদর্শনী আয়োজনের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।















