লখনউতে একটি কনসার্ট চলাকালীন গায়িকা সুনিধি চৌহান আবেগপ্রবণ হয়ে পড়েন। গলার সমস্যার কারণে গান গাইতে অসুবিধায় পড়তে হয় গায়িকাকে৷ দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন গায়িকা৷ ঘটনাটি ঘটে ৭ মার্চ লখনউয়ের কুলব্রিজ রিসর্টে, যেখানে তিনি "আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর ২০২৫-২৬"  এর জন্য গান গাইছিলেন৷ 

সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল সুনিধির সেই বক্তব্য, যেখানে তিনি তাঁর গলার বেহাল অবস্থার কথা জানাচ্ছেন শ্রোতাদের৷ গলার কথা বলতে বলতে কেঁদে ফেলেন সুনিধি৷

 সুনিধির পরনে ছিল ঝলমলে জাম্পস্যুট৷ ৪২ বছর বয়সী গায়িকা মঞ্চে চোখের জল মুছে শ্রোতা- দর্শকদের বললেন, "আমার গলা আজ খুব খারাপ হয়ে রয়েছে৷ কিন্তু আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন৷ হে ভগবান, এই ঘটনা আমার সঙ্গে কখনও ঘটেনি৷" 

অনুষ্ঠান করার জন্য মঞ্চে উঠেও গান গাইতে না পারার ঘটনাকে সুনিধি "লজ্জাজনক" বলে ব্যাখ্যা করেছেন৷ এবং সেই সঙ্গে বলেছেন, "আমি খুবই দুঃখিত। আমি সবসময় আমার ১০০% দিতে চাই।"

তিনি আরও বলেন, "কিন্তু দুর্ভাগ্যবশত, আমি চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমি এইভাবেই অনুষ্ঠান করব৷ তাই দয়া করে আজ আমাকে ক্ষমা করে দিন। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।"

অস্বস্তি সত্ত্বেও, সুনিধি চৌহান কনসার্টটি বন্ধ করেননি৷ শ্রোতারাও স্বতঃস্ফূর্ত ভাবে সুনিধির অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন৷ 

সুনিধি চৌহানের এই সঙ্গীতসফর শুরু হয়েছিল গত বছর ২৪ডিসেম্বর। মুম্বাই থেকে শুরু হয়েছিল অনুষ্ঠান। ২০২৬ এর শুরুতে দিল্লি (২৭শে ডিসেম্বর), বেঙ্গালুরু (১৭শে জানুয়ারী), অহমদাবাদ (৩১শে জানুয়ারী) এবং চেন্নাই সহ একাধিক শহরে অনুষ্ঠান করেছেন সুনিধি। 

১৪ই মার্চ কলকাতায় সুনিধি চৌহান আসছেন৷  অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে তিনি অনুষ্ঠান করবেন৷ কলকাতার অনুষ্ঠানের মধ্য দিয়েই এই সাঙ্গীতিক যাত্রার শেষ হবে বলে জানা গিয়েছে৷