ফের দুঃসংবাদ টলিপাড়ায়।‌ মাইল্ড স্ট্রোক হয়েছে অভিনেত্রী, সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জির স্বামী অগ্নিদেব চ্যাটার্জির। এই মুহূর্তে অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সমাজমাধ্যমে স্বামীর অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন সুদীপা। সমাজমাধ্যমেই অগ্নিদেবের সুস্থতা কামনায় নেটিজেনদের প্রার্থনাও চেয়েছেন তিনি। এই খবর সামনে আসতেই অগ্নিদেবের সুস্থতা কামনা করেছেন সুদীপার অনুরাগীরা। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে সুদীপার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি বলেন, "পরপর দুটো অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়েছে অগ্নির। এই মুহূর্তে আইসিইউতে স্ট্রোক কেয়ারে চিকিৎসকদের তত্বাবধানে রয়েছে।"

সুদীপা আরও বলেন, "বাড়িতে বুঝতে পারিনি, ভেবেছিলাম মাইগ্রেনের ব্যথা করছে, ওষুধ দিচ্ছিলাম সেই মতো। তারপর ও বলছিল, বাঁ চোখে কিছু দেখতে পারছে না, আইসাইট এফেক্ট করছে। সুগার ফল হলেও এমন হয় ভেবেছিলাম, কিন্তু তারপর দেখি হাঁটতে গিয়ে টলে পড়ে যাচ্ছে। তখন তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।"

দীর্ঘ বিরতির পর আবারও পরিচালকের আসনে ফিরছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। নতুন ছবির কাজ শুরু করেছিলেষ তিনি। ছবির নাম ‘চোর’। এক রাতের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে ছবির টানটান গল্প। বাস্তবতার ছোঁয়া রাখতে শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন পরিচিত পথঘাট ও লোকেশনে। সেই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জিতু কামাল। ছবিতে জিতুর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিপ্লব চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা ও শঙ্কর চক্রবর্তীর মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতাদের। রয়েছেন অঞ্জনা বসু, মানসী সিনহা, দেবলীনা কুমার-ও। অগ্নিদেবের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তবে পর্দার সামনে নয়। নেপথ্যে। সংলাপের ঘষামাজা এবং চিত্রনাট্য লেখার দায়িত্ব তাঁর। 

অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘চোর’ শুধু একটি থ্রিলার বা চুরির গল্প নয়। এটা অভিনয়, অভিজ্ঞতা এবং শিল্পের প্রতি দায়বদ্ধতার ছবি। নতুন ছবি মুক্তির আগেই হঠাৎই কীভাবে ঘটল এই ঘটনা? শনিবার দুপুরের দিকে সমাজমাধ্যমে ছেলের ক্রিকেটের জার্সি পরা একটি ছবিও পোস্ট করেছিলেন অগ্নিদেব। এর মাঝেই কী করে অসুস্থ হয়ে পড়লেন তিনি, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।