মাত্র কয়েক মাস হয়েছে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকটি শুরু হয়েছে। অল্প সময়েই রাহুল, রাহির গল্প দর্শকদের মনে ধরেছে। টিআরপিতেও মোটের উপর ভালই ফল করছে এই ধারাবাহিক। কিন্তু সম্প্রতি পায়ে গুরুতর আঘাত পান পর্দার 'রাহুল' ওরফে শুভ্রজিৎ সাহা। আহত অবস্থায়, হুইলচেয়ারে বসেই সপ্তাহ দু'য়েক কাজ চালিয়ে যান তিনি। কিন্তু তাতে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায়, পায়ে প্লাস্টার হওয়ার পর তিনি ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপরই জল্পনা শুরু হয় কাকে দেখা যাবে রাহুলের চরিত্রে। অবশেষে উত্তর মিলল। 

 

মঙ্গলবার, ১৭ জুন শুভ্রজিৎ সাহা যখন আচমকাই সমাজমাধ্যমে ঘোষণা করেন যে তাঁকে আর রাহুলের চরিত্রে দেখা যাবে না, এই ধারাবাহিকে তাঁর পথচলা থামছে, তখন রাহুল হিসেবে কাকে দেখা যাবে সেই বিষয়ে দু'টো নাম ঘুরপাক খেতে থাকে, প্রথমত, রবি সাউ এবং দ্বিতীয়ত, সায়ন বসু। এর পাশাপাশি, ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে কিনা সেই চর্চাও জারি থাকে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল নতুন 'রাহুল' হিসেবে কে আসছেন। এবার থেকে সায়ন বসুকে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতের বিপরীতে। 

 

প্রসঙ্গত, সায়ন বসু ছোটপর্দার অতি পরিচিত মুখ। তাঁকে দর্শক এর আগে 'রাণী রাসমণি' ধারাবাহিকে দেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এরপর তিনি 'দুই শালিক' ধারাবাহিকেও নায়কের ভূমিকায় অভিনয় করেন। এবার তিনি একদম নতুন অবতারে, নতুন রূপে এই ধারাবাহিকে আসতে চলছেন। 

 

'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে রাহির বিরুদ্ধে রাহুলদের পারিবারিক ব্যবসা ক্ষতি করার অভিযোগ উঠেছে। তাকে পুলিশ গ্রেফতার করতে আসে। সেই সময় পরিবারের সকলে তাকে ভুল বুঝলেও রাহুল তার পাশে দাঁড়ায়। জানায়, তাদের বনিবনা না হলেও, সে রাহিকে ভাল না বাসলেও জানে তার স্ত্রী এই কাজ করতে পারে না। আর গল্পের এ হেন টুইস্টের মধ্যেই নায়ক বদল হল ধারাবাহিকের। দীপান্বিতা এবং সায়নের অনস্ক্রিন রসায়ন কতটা জমে, গল্পই বা কোনদিকে এগোয় সেটাই এখন দেখার।

 

প্রসঙ্গত, 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের শুটিং শুরুর আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন শুভ্রজিৎ। মাথায় সেলাই পড়ে তাঁর। সেই নিয়েই প্রোমো শুট করেন। সম্প্রতি তিনি পুনরায় আঘাত পান। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসক বিশ্রাম নিতে বললেও তিনি একদিন অন্তর অন্তর শুটিং চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু পাল্লা দিয়ে বাড়ছিল শারীরিক কষ্ট। তাই তিনি শেষ পর্যন্ত ধারাবাহিক থেকে অসুস্থতার কারণে সরে গেলেন। আর সেখানেই এন্ট্রি নিতে চলেছেন সায়ন বসু।