'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে একাধিক বদল ঘটেছে, চমক এসেছে সদ্যই। এই ধারাবাহিকে এতদিন রাহুলের চরিত্রে শুভ্রজিৎ সাহাকে দেখা যাচ্ছিল। সম্প্রতি অসুস্থতার কারণে তিনি 'শুধু তোমারই জন্য' থেকে সরে দাঁড়ালে সেই জায়গায় এসেছেন সায়ন বসু। একই সঙ্গে গল্পেও এসেছে নতুন চমক, রাহি নিজের মনের কথা জানিয়েছে রাহুলকে, তবে মদ্যপ অবস্থায়। এরই মধ্যে আসছে নতুন টুইস্ট।
আগামী বৃহস্পতিবার 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে স্নানযাত্রার বিশেষ পর্ব সম্প্রচারিত হবে। সেখানেই দেখানো হবে, রাহিকে এই পুজোয় উপস্থিত থেকে নিজেকে রাহুলের পরিবারের যোগ্য বৌমা প্রমাণ করতে বলা হয়েছে। সে স্বামীকে কথা দিয়েছে সে উপস্থিত থাকবে এই পুজোয়। কিন্তু রাস্তায় এত ভিড়, জ্যাম পুজোর জন্য, সে কিছুতেই তাড়াহুড়ো করে পৌঁছতে পারে না। অবশেষে বড় রাস্তার কাছে এসে একটি গাড়িতে ধাক্কা খায়। নায়িকা সেটা অ্যাক্সিডেন্ট ভাবলেও আদতে তাকে অপহরণ করা হয়। কিন্তু কে করিয়েছে সেটা স্পষ্ট নয়। বলাই বাহুল্য, এর ফলে সে সঠিক সময় বাড়ির পুজোয় পৌঁছতে পারবে না।
অন্যদিকে রাহির শাশুড়ি তার না আসার কারণে বিরক্তি প্রকাশ করে। তবে রাহুল জানায় রাহি আসবেই, নিজেকে সে যোগ্য প্রমাণ করবেও। কিন্তু কীভাবে? রাহুল কি পারবে তাকে উদ্ধার করতে? না গল্পে আসবে আবারও নতুন কোনও টুইস্ট সেটাই দেখার।















