ছেলের পরীক্ষা শেষ, তাই ইউভানকে নিয়ে দুবাই ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী৷ পরিচালক রাজ চক্রবর্তী কলকাতায় ছিলেন মেয়ে ইয়ালিনির সঙ্গে।  কিন্তু দুবাইতে বেড়াতে গিয়েই বিপদের মধ্যে ছেলেকে নিয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী। 

দুবাইতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় কলকাতায় ফিরতে পারছিলেন না৷ অবশেষে শুক্রবার বিকালে কলকাতায় ফিরলেন শুভশ্রী৷ 

 কলকাতা বিমানবন্দরে শুভশ্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। বাবার সঙ্গে ছোট্ট ইয়ালিনিও হাজির। এতদিন পরে মাকে দেখতে পেয়ে কোলে উঠেই দু'হাতে গলা জড়িয়ে ধরল ইয়ালিনি৷  শুভশ্রীও স্বামী রাজ এবং  মেয়ে ইয়ালিনিকে জড়িয়ে ধরলেন৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ জানালেন, এতদিন পরে শুভশ্রী ফেরত আসায় তিনি নিশ্চিন্ত৷ সকলকে এই খারাপ সময় পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন৷ 

 শুভশ্রী যদিও এখনও বিস্তারিত কিছু জানাননি,  তবে অভিনেত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ বলেছেন, "সকলের ভালবাসা, সকলের সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে আর আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে৷ ধন্যবাদ সকলকে৷ ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল৷ আমি সত্যিই বিধ্বস্ত। সকলে ভাল থাকবেন৷" 

 অভিনেত্রী ছেলেকে নিয়ে যে হোটেলে ছিলেন তার আশেপাশেও বিস্ফোরণ হয়েছে৷ যদিও দুবাইয়ের প্রশাসনিক সহযোগিতায় অভিনেত্রী ছেলের সঙ্গে নিরাপদেই ছিলেন৷