২৬-এর বিধানসভা নির্বাচনে একের পর এক চমক দেখছে রাজ্য। দল বদল থেকে, প্রথমবার রাজনীতি মঞ্চে পা, তারকাদের বিভিন্ন কার্যকলাপে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সাধারণ মানুষের। এতদিন সরাসরি রাজনীতির ময়দানে দেখা যায়নি টলিউডের 'লেডি সুপারস্টার' শুভশ্রী গাঙ্গুলিকে। তবে এবার স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের প্রচারে ব্যারাকপুরের জনসভায় এলেন শুভশ্রী। শুধু পাশেই থাকলেন না, বক্তৃতাও দিলেন তিনি।
ব্যারাকপুরের মঞ্চ থেকে শুভশ্রী বলেন, “আমি ভীষণ খুশি। সব সময় বলি আমার প্রথম বাড়ি বর্ধমান, দ্বিতীয় বাড়ি কলকাতা এবং তৃতীয় বাড়ি হচ্ছে ব্যারাকপুর। সবাই যেভাবে আমাদের আপন করে নিয়েছেন, তাতে আমি খুবই খুশি।” তিনি আরও জানান, রাজনৈতিক বিভাজন তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়, তাঁর চোখে সবচেয়ে বড় বিষয় রাজের প্রতি মানুষের আস্থা ও ভালবাসা।

প্রসঙ্গত, রাজ চক্রবর্তী ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে রাজের প্রচারে টলিপাড়ার অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের দেখা গেলেও ২৬-এর বিধানসভায় প্রথমবার শুভশ্রীকে পাশে নিয়ে জনসমক্ষে এলেন রাজ চক্রবর্তী।
এই বছর গায়িকা ইমন চক্রবর্তী থেকে শুরু করে পরমব্রত চ্যাটার্জিকে প্রথমবার রাজনৈতিক মঞ্চে দেখা গেল। নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে আয়োজিত জনসভায় দেখা গিয়েছিল পরমব্রত ও জুন মালিয়াকে। মঞ্চে দাঁড়িয়ে পরমব্রত বলেছিলেন, "কৃষ্ণনগর দক্ষিণের এই পুণ্যভূমি থেকে আজ ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক মঞ্চে যাত্রা শুরু হচ্ছে। এই ভরদুপুরে ধুলো আর রোদ উপেক্ষা করে আসার একটাই কারণ— ২০২৬-এর নির্বাচন শুধুমাত্র ভোট নয়, এটি বাঙালির আত্মসম্মান ও আত্মমর্যাদা রক্ষার লড়াই।" তাঁর দাবি ছিল, পশ্চিমবঙ্গ আজও মহিলাদের জন্য দেশের মধ্যে সবথেকে নিরাপদ জায়গা। ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়া বা এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হেনস্থা করার বিরুদ্ধেও তিনি সরব হয়েছিলেন তিনি।















