প্রতি বছর ধুমধাম করে জগন্নাথ পুজো করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। এই তারকা জুটির জগন্নাথ আরাধনা দেখতে সোশ্যাল মিডিয়ার পাতায় মুখিয়ে থাকেন নেটিজেন থেকে অনুরাগীরাও। কিন্তু এবার সেই উৎসবে ভাঁটা? সকাল থেকেই দেখা নেই রাজ-শুভশ্রীর। বাড়ির পুজোর কী হল?
আজকাল ডট ইন-কে এক সূত্র জানিয়েছেন, আসলে বাড়িতে নেই শুভশ্রী। মুম্বই গিয়েছেন তিনি। যদিও বৃহস্পতিবারই অভিনেত্রী ফিরছেন কলকাতায়। এদিকে, বাড়িতে তাই খুব ছোট করে পুজোর আয়োজন করা হয়েছিল। বাড়ি ফিরেই নাকি জগন্নাথ দেবের কাছে যাবেন তিনি। পুজোয় থাকতে পারেননি বলে মন খারাপ অভিনেত্রীর। তাই দেরি না করে বাড়ির পথে পাড়ি দিয়েছেন টলিউডের 'লেডি সুপারস্টার'।
শুধু রথযাত্রায় নয়, যে কোনও শুভ অনুষ্ঠানেও জগন্নাথ দেবের স্মরণাপন্ন হন রাজ-শুভশ্রী। মেয়ে ইয়ালিনীর এক বছরের জন্মদিন উপলক্ষ্যে রাজ-শুভশ্রীর বাড়িতে আয়োজন করা হয়েছিল বিশেষ পুজোর। ইয়ালিনির প্রছম জন্মদিন উদযাপন হয়েছিল একেবারে পুজো-অর্চনার মধ্যে দিয়েই।
এ কথা সকলেই জানেন যে রাজ চক্রবর্তী জগন্নাথ দেবের পরম ভক্ত। যে কোনও শুভকাজ রাজ শুরু করেন পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে। রাজ-শুভশ্রীর বাড়িতেও প্রতিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দিনে তো বটেই এমনি সময়েও নিষ্ঠাভরে পুজো করা হয় তাঁদের। ইয়ালিনির এক বছরের জন্মদিন কোনও শুভ অনুষ্ঠানের চেয়ে কম কিছু ছিল না।
ইসকন থেকে সাধুরা এসে কুলদেবতার পুষ্প অভিষেক করেছিলেন। ফল, মিষ্টি-সহ ২১ রকমের ব্যঞ্জনের সাজানো হয়েছিল ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করেছিলেন। পুজোর আয়োজনে এদিন বাড়ির সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছিলেন মেয়ের মা শুভশ্রী। মেয়েকে কোলে নিয়ে আরতিও করেছিলেন তিনি। সম্প্রতি, ভোটের রেজাল্টের আগেও পুরীর মন্দিরের দর্শনে গিয়েছিলেন রাজ-শুভশ্রী।
















