দু'বছর আগে সান বাংলায় শুরু হয়েছিল 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। সান বাংলার এই রিয়্যালিটি শো বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। গত দু'বছর ধরে এই শো-এর সঞ্চালনা করছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কিন্তু জানা যাচ্ছে, এবার নাকি সুদীপ্তা সরছেন এই রিয়্যালিটি শো থেকে। অভিনেত্রীর নাকি একটু বিরতির প্রয়োজন। তাই তিনি চ্যানেলের কাছে সেই প্রস্তাব রেখেছেন। 

এই খবর ছড়িয়ে পড়তেই শো-এর পরিচালক শুভঙ্কর চ্যাটার্জি আজকাল ডট ইন-কে বলেন, "এত বাজেভাবে এই খবর কারা ছড়াচ্ছে বলুন তো? সুদীপ্তা এই শো গত দু'বছর ধরে সঞ্চালনা করছে। চ্যানেলের সঙ্গে ওর একটা চুক্তি রয়েছে। দুম করে তো আর বললেই ছাড়া যায় না। সুদীপ্তা চ্যানেলকে জানিয়েছে, ওর একটু বিরতি লাগবে‌। আর সেটা নিয়েই এখন ভাবনাচিন্তা চলছে। এটা তো একটা বড় সিদ্ধান্ত, তাই এখনই এই নিয়ে গুঞ্জন না ছড়ানোই ভাল।"

'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ সঞ্চালিকা হিসেবে দর্শক বেশ পছন্দ করছিলেন সুদীপ্তাকে। কিন্তু অভিনেত্রী যদি এই শো ছাড়েন বা বিরতি নেন, তাহলে কে আসবেন তাঁর জায়গায়? সেই নিয়েও চলছে জল্পনা। এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয়েছিল সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে। তবে এই মুহূর্তে ফোনে তিনি অধরা। 

প্রসঙ্গত, এই রিয়্যালিটি শো-এর মূল বিষয় হল এক লক্ষ টাকা জেতা। বাংলার বিভিন্ন অঞ্চল থেকে মহিলারা আসেন এই শো-এ অংশগ্রহণ করতে। খেলার শেষে তাঁদের মধ্যে থেকে যে বিজয়ী হন, তাঁকে এক লক্ষ টাকা পুরষ্কার হিসেবে দেওয়া হয়। যাতে তিনি তাঁর লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। অনেক সময় বিভিন্ন তারকাদের এই শো-এ অংশগ্রহণ করতে দেখা যায়, তাঁদের উপার্জিত অর্থ তাঁরা দান করেন কোনও লড়াকু মহিলার তহবিলে। যাতে তিনি তাঁর স্বপ্নপূরণ করতে পারেন‌। এই ধরনের শো-এর ভাবনা বেশ পছন্দ হয়েছে দর্শক মহলে। তাই শুরুর দিন থেকেই এই রিয়্যালিটি শো-এর জনপ্রিয় প্রচুর।