প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক মণি শংকর মুখার্জি। পাঠকমহলে যিনি সমাদৃত ছিলেন শংকর নামেই। বয়স হয়েছিল ৯৩। গত বেশ কিছুদিন ধরেই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ‘চৌরঙ্গী’র লেখক। শুক্রবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ফেললেন সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত এই লেখক। ‘চৌরঙ্গী’ উপন্যাসের জনপ্রিয়তা তাঁকে রাতারাতি যেমন বাঙালি পাঠকের ঘরের মানুষ করে তুলেছিল। এই উপন্যাস নিয়ে বিখ্যাত ছবিও তৈরি হয়েছিল পরবর্তীতে। উত্তমকুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত সেই ছবি কালজয়ী তকমা পেয়েছে। 

সেই উপন্যাসকে নিয়ে পরবর্তীকালে সৃজিত মুখার্জি তৈরি করেছিলেন 'শাহজাহান রেজেন্সি'। ছবিতে আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, মমতা শঙ্কর সহ আরও অনেককে দেখা গিয়েছিল। এই ছবির সূত্রে শংকর মুখার্জির সঙ্গে আলাপ হয়েছিল সৃজিতের। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পরিচালক। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "ওঁর সাহিত্যের মাধ্যমেই আমার নিজের শহর কলকাতাকে চিনতে শেখা‌। যখন ছবিটি তৈরি করি ওঁর সঙ্গে দেখা করে কথা বলি। জানিয়েছিলাম চৌরঙ্গী আমার জীবনে কতটা প্রভাব ফেলেছিল। এরপরেও অ্যাওয়ার্ড শো এবং বইমেলায় দেখা হয়েছিল। খুব রসিক মানুষ ছিলেন। অনেক গল্প বলেছিলেন আমায়। পুরনো কলকাতার গল্প, ওঁর জীবনের গল্প।"


প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের পরিচালনায় তাঁর দু'টি উপন্যাস 'সীমাবদ্ধ' এবং 'জন অরণ্য' তাঁকে রাতারাতি আসমুদ্রহিমাচল ভারতের দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক বলয়েও পরিচিত নাম করে তুলেছিল। পরবর্তী সময় এই দু’টি উপন্যাস এবং ‘আশা আকাঙ্ক্ষা’ নিয়ে প্রকাশিত হয় তাঁর ট্রিলজি, ‘স্বর্গ মর্ত পাতাল’। ১৯৫৯ সালে ঋত্বিক ঘটক-ও শংকরের লেখা কত অজানারে উপন্যাসের উপর ভিত্তি করে ছবি বানিয়েছিলেন। তালিকায় রয়েছেন বিখ্যাত পরিচালক বসু চ্যাটার্জি-র নামও। শংকরের মানসম্মান উপন্যাসের উপর ভিত্তি করে ছবি বানিয়েছিলেন তিনি। মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তী এবং মুনমুন সেন-কে।  

সাত এবং আটের দশকে বাংলা সাহিত্যে যখন রীতিমতো নিজস্ব সাম্রাজ্য স্থাপন করেছেন 'কালকূট', সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রফুল রায়, সমরেশ মজুমদারের মতো তাবড় তাবড় সমীহ করার মতো নাম, সেখানে শুধু পাড়া অথবা শহর নয় পাঠকমহলে প্রায় স্বতন্ত্র দেশ তৈরি করে ফেলেছিলেন শংকর।


শংকর-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। জানালেন, সাহিত্য জগতের এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত তিনি।