মেয়ে হওয়ার কয়েক মাসের মধ্যেই ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।ধারাবাহিকের নাম ‘মিলন হবে কত দিনে’।  গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় রয়েছেন এই ধারাবাহিকের মুখ্যচরিত্রে। অন্যদিকে, শ্রীময়ীর চরিত্রটি খানিকটা নেতিবাচক হলেও জনতামহলে তা বেশ প্রশংসা আদায় করে নিয়েছে প্রথম থেকেই। নায়ক-নায়িকার মাঝে নানান কাণ্ড ঘটান শ্রীময়ী অভিনীত এই চরিত্রটি। তকিন্তু হঠাৎই ছন্দপতন! গত কয়েক পর্বে পর্দায় দেখা মিলছে না শ্রীময়ীর। তবে কি কাঞ্চন মল্লিকের ঘরনি মাঝপথেই সিরিয়াল ছেড়ে দিলেন? এই প্রশ্নই এখন টলিপাড়ার অলিন্দে। দর্শকদের মনে জমে থাকা জল্পনা দূর করতে সরাসরি অভিনেত্রীর সঙ্গেই যোগাযোগ করেছিল আজকাল ডট ইন।। শ্রীময়ী কি তবে স্বেচ্ছায় বিরতি নিলেন না কি ‘মিলন হবে কত দিনে’-এর সফর শেষ? খোদ ভিনেত্রী জানালেন আসল সত্যিটা।

অল্প কথায় শ্রীময়ী জানালেন তিনি মোটেও এই ধারাবাহিক ছাড়েননি। বরং ভীষণভাবে জড়িয়ে রয়েছেন ‘মিলন হবে কত দিনে’-এর গল্পের সঙ্গে। অভিনেত্রীর কথায়, “এই তো আজকেও শুটিং করে বাড়ি ফিরেছি। আগামীকালও ডেট দেওয়া আছে। আসলে গল্পের ট্র্যাকটা একটু চেঞ্জ হয়েছিল। সেখানে আমার চরিত্রটির প্রয়োজন ছিল না বলেই দেখা যায়নি। এই ধারাবাহিকে আমার স্বামীর চরিত্রটিকেও তো প্রথম থেকে দেখা যায়নি। ধারাবাহিক শুরু হওয়ার বেশ অনেকদিন পর পর্দায় তাঁর আবির্ভাব হয়েছিল। আসলে, গোটা বিষয়টাই ন্যস্ত থাকে চিত্রনাট্যকারের হাতে। তিনি যেভাবে ধারাবাহিকের গল্পের বাঁকে বাঁকে চরিত্রদের হাজির করবেন, চরিত্ররাও ঠিক সেখানে গিয়েই দর্শকের সামনে হাজির হবেন।”

 

প্রসঙ্গত, ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’ প্রযোজিত ধারাবাহিকে আগেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। মেয়ে কৃষভি হওয়ার আগেও এই সংস্থারই একটি অন্য ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেত্রী জানিয়েছিলেন, এই প্রযোজনা সংস্থার হয়ে কাজ করার মানে এক অর্থে ‘ঘরে ফেরা’। 

আপাতত গৌরব-শোলাঙ্কির সাজানো সংসারে শ্রীময়ী নতুন কী প্যাঁচ কষেন, তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। কাঞ্চন-পত্নীর এই ‘কামব্যাক’ যে বেশ ধামাকাদার হবে, তাঁর ইঙ্গিত কিন্তু অভিনেত্রী দিয়েই দিলেন।