শ্রুতিবৃত্ত আবৃত্তি সংস্থা আয়োজন করেছে 'প্রিয় আমার স্বদেশ আমার'৷ সন্দীপ গুহ প্রোডাকশনের সহায়তায় অনুষ্ঠিত হবে এই শিল্পানুষ্ঠান৷ আগামী ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার, ত্রিগুণা সেন মঞ্চে বিকাল ৪টে থেকে শ্রুতিবৃত্ত'র উনিশতম বাৎসরিক অনুষ্ঠান। 

এই অনুষ্ঠানের মূল আকর্ষণ পরাণসখা৷ সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন গাইবেন রবীন্দ্রনাথের গান৷ শ্রুতিবৃত্তর কর্ণধার আবৃত্তিশিল্পী শুভদীপ ভট্টাচার্যের কবিতার সঙ্গে সুরসঙ্গত করবেন সরোদবাদক অর্ণব ভট্টাচার্য৷ পাঠের দায়িত্ব সন্দীপ গুহ৷ এছাড়াও 'শ্রুতিবৃত্ত'র ছাত্রছাত্রীরা পরিবেশন করবেন স্বদেশ, প্রকৃতি এবং ভালবাসার গান। 

এই অনুষ্ঠান শিল্পের বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষদের সম্মানিত করা হবে 'শ্রুতিরত্ন' সম্মানে৷ এই বছর শ্রুতিরত্ন সম্মান দেওয়া হবে দশ জন শিল্পীকে৷ তাঁর মধ্যে অরিন্দম গাঙ্গুলি, মালবিকা সেন, সুজয়নীল, শান্তনু সেনগুপ্ত অন্যতম৷ নবীন শিল্পীর জন্য থাকছে শ্রুতিরত্ন যুব সম্মাননা৷ 

প্রসঙ্গত 'শ্রুতিবৃত্ত' আবৃত্তি সংস্থা দেশে বিদেশে সমাদৃত৷ শিল্পের বিভিন্ন আঙ্গিকের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আবৃত্তিশিল্পী শুভদীপ চক্রবর্তী।  

শ্রুতিবৃত্ত বাচিক শিল্পচর্চার সংস্থা হলেও শুভদীপ চক্রবর্তী সংস্কৃতিকে নির্দিষ্ট কোনও গণ্ডিতে বেঁধে ফেলতে রাজি নন৷ দেশে বিদেশে যেখানেই অনুষ্ঠান করেছেন সেখানেই শিল্পের নানা ধারার সমন্বয় সাধন করেছেন শুভদীপ৷ "প্রত্যেকটা শিল্পধারা একে অন্যের সঙ্গে সংযুক্ত৷ গানের সঙ্গে নাচ, নাচের সঙ্গে কথা, আবৃত্তি এগুলো এমনভাবে জড়িয়ে যে আলাদা ভাবে নয়, সম্মিলিত শিল্পের চর্চাই আমার মূল লক্ষ্য৷ সামগ্রিকভাবেই আমরা শিল্পচর্চার সঙ্গে যুক্ত।" শুভদীপের সংযোজন৷ 

শিল্পকে কেন্দ্র করে গবেষণাধর্মী উপস্থাপনায় আগ্রহ শুভদীপের৷ কখনও রাগসঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথের গানের সম্মিলন, আবার কখনও লোকগানের সঙ্গে 'দোহার'-এর সঙ্গে শ্রতিবৃত্তর ফিউশন, সারা পৃথিবী জুড়ে শুভদীপ অনুষ্ঠান করেছেন রবীন্দ্রনাথের গানের সঙ্গে সুফি গানের সংমিশ্রণে এক শৈল্পিক উপস্থাপনা নিয়ে৷ শুভদীপের পরিচালনায় নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার আবৃত্তি পরিবেশন এক অনন্য নজির স্থাপন করেছিল৷ প্রায় ৬৫০ শিল্পীকে একত্রিত করে এই বাচিকানুষ্ঠান পরিবেশিত হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে৷  কেবল রবীন্দ্রনাথ নয়, স্বামী বিবেকানন্দ, মহাপ্রভু চৈতন্যকে নিয়ে অনুষ্ঠানও সমানভাবে সমাদৃত শিল্পমহলে৷