বিনোদন জগতে শোকের কালো ছায়া। মাত্র ৩৭ বছর বয়সে প্রয়াত ‘স্প্লিটসভিলা ৭’ খ্যাত প্রতিযোগী এবং সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী মায়াঙ্ক পাওয়ার। ফিটনেস দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র মায়াঙ্ক সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পরিবারের তরফে এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জনসমক্ষে আনা হয়নি। মায়াঙ্কের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগী এবং সহকর্মীরা।
পরিবারের পক্ষ থেকে সমাজমাধ্যমে জানানো হয়েছে, "মায়াঙ্ক পাওয়ার আমাদের মাঝে আর নেই। তিনি ছিলেন একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অগুনতি মানুষের অনুপ্রেরণা। তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।" তাঁর পরিবার আগামী ২৫ ফেব্রুয়ারি দিল্লির রাণা প্রতাপ বাগ এলাকায় এক শোকসভার আয়োজন করেছে, যেখানে বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। পেশাদার কেরিয়ারে ম য়াঙ্ক ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। শরীরচর্চা ও ফিটনেসের প্রতি তাঁর নিষ্ঠা ছিল প্রবাদপ্রতিম। সাত-সাতবার তিনি জাতীয় স্তরে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছেন, যা তাঁর কঠোর পরিশ্রমের পরিচয় দেয়। তবে তিনি সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’র সপ্তম সিজনের মাধ্যমে। সেখানে তাঁর শান্ত স্বভাব এবং টাস্ক করার নিখুঁত দক্ষতা সকলের নজর কেড়েছিল।
চলতি বছরের ১ জানুয়ারিই নিজের ৩৭তম জন্মদিন পালন করেছিলেন এই অ্যাথলিট। কে জানত, তার দু’মাসের মাথাতেই এমন ট্র্যাজেডি নেমে আসবে! সমাজমাধ্যমে তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকবার্তার ঢল নেমেছে। ফিটনেস জগতের মানুষ থেকে শুরু করে ছোটপর্দার তারকারা মায়াঙ্কের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শরীরচর্চার দুনিয়ায় তিনি অনেকের কাছেই একজন ‘আইকন’ ছিলেন। তাঁর মতো একজন প্রাণবন্ত মানুষের এমন আকস্মিক চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা।
