টেলিভিশনের পর্দায় স্ট্যান্ডআপ কমেডি শো এখন প্রায় হারিয়েই গিয়েছে। সেই হাসির রসদ ফিরিয়ে আনছে চ্যানেল দুরদর্শন অর্থাৎ ডি ডি বাংলা। রিয়্যালিটি শো-এর নাম 'কেয়ার অফ কমেডি'। সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখার্জিকে। এই প্রথমবার কোনও শো-এর সঞ্চালকের দায়িত্ব সামলাবেন তিনি। এই কমেডি শো-এর পরিচালনায় রয়েছেন নন্দিনী চ্যাটার্জি ও নির্দেশনায় কৃষ্ণেন্দু চ্যাটার্জি। 

 

জানা যাচ্ছে, শো-এর বিচারকের ভূমিকায় থাকবেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ও অভিনেত্রী মিমি দত্ত। অন্যদিকে, বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবেও দেখা যাবে অনেককে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই শো-এর শুটিং। সম্প্রতি একটি বিশেষ পর্বের শুটিং সেরেছেন গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধু। এছাড়াও বিশেষ পর্বে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী, পিঙ্কি ব্যানার্জিকে।

পরিচালক নন্দিনী চ্যাটার্জি এই শো নিয়ে আজকাল ডট ইন-কে বলেন, "কমেডি রিয়্যালিটি শো ডি ডি বাংলায় এই প্রথমবার আনছি আমরা। এবার কম্পিটিশনেও থাকছি আমরা। বহু বছর আগে রঙ্গরস নামের একটি স্ট্যন্ডআপ কমেডি শো হত। এবার বহু বছর পর আসছে এরকম একটা শো। এই শো-টি সপ্তাহে দু'দিন সম্প্রচারিত হবে। বিভিন্ন জেলা থেকে আসবে প্রতিযোগীরা। পয়লা জুলাই থেকে আসছে এই শো।"

 

নির্দেশক কৃষ্ণেন্দু চ্যাটার্জির কথায়, "এই শো-টা আপাতত ৭৪ পর্বে ভাবা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসবেন প্রতিযোগীরা। মজার বিষয় হল, এটা সত্যি সত্যিই আট থেকে আশির শো। এখানে সবচেয়ে বর্ষীয়ান প্রতিযোগীর বয়স আশি আর সবচেয়ে খুদে প্রতিযোগীর বয়স আট‌। বিভিন্ন পেশার মানুষ এই শো-এ যোগ দিয়েছেন। তাই বলতে পারি, অনেকদিন পর দর্শক নতুন কিছু দেখবেন পর্দায়।"