প্রতিবছর নিজের জন্মদিন বৃন্দাবনেই কাটান অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। আসলে ছোট থেকেই কৃষ্ণ ভক্ত বলেই জন্মদিনে ঈশ্বরের সেবায় নিমজ্জিত থাকতে ভালবাসেন তিনি। এবছরও জন্মদিনের সকাল থেকে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন সৌমিতৃষা। সোমবার রাতে কেক কেটে জন্মদিন পালনও করেছেন অভিনেত্রী। তবে কোথাও যেন একটু ফাঁক থেকে গিয়েছে। আসলে এ বছর বৃন্দাবনে যাওয়া হয়নি তাঁর। কিন্তু কেন এই ছন্দপতন?
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও বৃন্দাবন না যাওয়ার কারণ জানতে যোগাযোগ করা হয় সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে। অভিনেত্রী কারণ হিসেবে জানান, তাঁর মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অস্ত্রপ্রচারও করতে হয়েছে এখন এক মাস পুরো বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই সপরিবারে আর বৃন্দাবনে যাওয়া হয়নি।
সৌমিতৃষার কথায়, "ক'দিন আগেই মায়ের অ্যাক্সিডেন্ট হয়। পায়ের আঙুলের হাড় পুরো গুঁড়ো হয়ে যায়। প্লেট বসে, তাই ডাক্তার এখন এক মাস বেড রেস্টে থাকতে বলেছেন। বৃন্দাবন যাওয়ার জন্য টিকিট কাটা থেকে শুরু করে হোটেল বুকিং সমস্ত হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে কথায় আছে না, ভগবান না চাইলে তার কাছে পৌঁছনো যায় না। আমাদের ক্ষেত্রেও তাই-ই হল। কত কিছু ভেবে রেখেছিলেন, জামা কিনে রেখেছিলাম, পুজোর দেওয়ার সময় পরব বলে। কিন্তু যাওয়াতেই বাধা পড়ল। হয়তো এটা ভগবানের কোনও ইঙ্গিত। কী আর করা যাবে।"
সৌমিতৃষা আরও বলেন, "বাড়িতে এরকম ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই মন খারাপ থাকে। চারদিন হাসপাতালে ছিলাম, মাথাও কাজ করছিল না তখন। মা যে সুস্থ হয়ে গিয়েছে, এটাই তো অনেক। আমার একটু মন খারাপ ঠিকই, তবে বাড়িতেও সকাল থেকে ঠাকুরের গান চালিয়ে শুনেছি, পুজো করেছি, এখন একটু ভাল লাগছে।"
আজ তাহলে কী প্ল্যান তাঁর? একটু হেসে অভিনেত্রী বলেন, "আজ বাড়িতেই রান্না হয়েছে। পোলাও খেতে খুব ভালবাসি তো তাই পোলাও, আলুরদম আরও অনেককিছু হয়েছে। বাড়িতে কয়েকজন আত্মীয় আসবেন আজ, সবাই মিলে খাওয়াদাওয়া করব।"
