নেদারল্যান্ডসের রাস্তায় কনসার্টে যাওয়ার পথে এমন অভিজ্ঞতার মুখোমুখি হবেন তাঁর, হয়তো ভাবেননি খোদ সোনু নিগম-ও। রটারডামের রাস্তায় একদল যুবকের গাড়িতে নিজেরই গান বেজে উঠতে শুনে সোনু নিগম যা করলেন, তা এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল।

 

বলিউডের ‘ম্যাজিকাল ভয়েস’ সোনু নিগম মানেই যে ভক্তদের হৃদস্পন্দন, তার প্রমাণ মিলল নেদারল্যান্ডসের রাস্তায়। রটারডামে নিজের কনসার্টে যাওয়ার পথে সোনু নিগম নিজের গাড়িতে বসে যা দেখলেন, তাতে অবাক হওয়ার পালা ছিল খোদ শিল্পীরই! নিজের জনপ্রিয় গান জোরে বাজতে শুনে তিনি যা করলেন, তা এখন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

 

কী ঘটল নেদারল্যান্ডসের রাস্তায়? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সোনু নিগম গাড়িতে করে কনসার্টের দিকে এগিয়ে যাচ্ছেন। ঠিক সামনের গাড়িতেই ছিল এক দল ভারতীয় তরুণ, যারা বেশ জোরেশোরে বাজাচ্ছিল সনুর গাওয়া ‘ধুরন্ধর’ ছবির কালজয়ী গান ‘ইয়ে ইশক ইশক’। সনু ভিডিওতে স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে বলেন, “ওরা আমার গান শুনছে, কিন্তু ওরা জানে না যে আমি ঠিক ওদের পেছনেই আছি! ওরা কনসার্টে যাওয়ার পথেই এই গানটা শুনছে।”

 

এরপরই সোনু সিদ্ধান্ত নেন ভক্তদের বড় এক সারপ্রাইজ দেওয়ার। তিনি ড্রাইভারকে বলেন গাড়িটি ওই গাড়ির কাছাকাছি নিয়ে যেতে। এরপরই সোনু গাড়ির কাঁচ নামিয়ে ওই ভক্তদের দিকে হাত নাড়েন। নিজেদের ঠিক পাশেই স্বয়ং সোনু নিগমকে দেখে ওই তরুণদের উচ্ছ্বাস ছিল দেখার মতো! কাঁচ নামাতেই অবাক হওয়া ভক্তদের হাসিমুখ আর হাত নাড়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। সোনু ভিডিওটির শেষে মিষ্টি হেসে বলেন, “কী মিষ্টি।”


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই মিষ্টি ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন, “যখন আপনি দেখবেন আপনার দর্শক গাড়িতেই আপনার কনসার্ট শুরু করে দিয়েছে।"ভিডিওটি পোস্ট হতেই নেটপাড়ায় ভক্তদের ভালবাসা উপচে পড়েছে। একজন ভক্ত কমেন্ট করেছেন, "স্যার, আপনাকে শোনার জন্য আমাদের ওয়ার্ম-আপ করতে হয়!” অন্য একজন লিখেছেন, “আপনাকে হাসতে দেখাটাই আমার জীবনের সেরা মুহূর্ত। আপনি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।” পুরনো আরেকটি ঘটনার কথা মনে করিয়ে এক ভক্ত জানান, এর আগেও ‘জাস্ট চিল’ গানের সময় এমনটা করেছিলেন সোনু, সেই ভিডিওটিও খুব ভাইরাল হয়েছিল। 

 

 

সোনু নিগম কেবল একজন গায়ক নন, তিনি একটি আবেগ। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করা এই শিল্পীর কণ্ঠে ‘সুরজ হুয়া মদ্ধম’, ‘কল হো না হো’ কিংবা ‘অভি মুঝ মে কহি’-র মতো গানগুলো চিরসবুজ হয়ে আছে। কেবল প্লে-ব্যাক নয়, লাইভ পারফর্মার হিসেবেও তিনি বিশ্বজুড়ে অপ্রতিদ্বন্দ্বী। কনসার্টের আগে ভক্তদের সঙ্গে তাঁর এই সহজ-সরল ও মিষ্টি মুহূর্তটি প্রমাণ করে, কেন তিনি আজও সবার হৃদয়ে একইভাবে জায়গা করে আছেন।