জনপ্রিয় গায়ক সোনু নিগম সম্প্রতি এক ভয়ঙ্কর বিতর্কের মুখে পড়েছেন। দেশের চলমান ছাত্র আন্দোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে মুখ খুলতে চাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে তাঁকে এই সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ এবং পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে প্রশ্ন করলে তাঁর চোখমুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ।

ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, সোনু নিগমকে এই বিষয়ে প্রশ্ন করা মাত্রই তাঁর মুখের হাসি মিলিয়ে যায়। তিনি সাংবাদিকদের থামিয়ে দিয়ে বলেন, "আমি এখানে কী জন্য এসেছি? এবার এখানেই এই বিষয়টা শেষ হোক।" এরপর তিনি হাতজোড় করে ওই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন। তাঁর এই আচরণ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। যেখানে অনেক তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব প্রকাশ্যেই ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছেন, ঠিক সেই সময়ে দেশের একজন প্রথম সারির শিল্পীর এমন উদাসীনতা ভালভাবে নেননি নেটিজেনরা। ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ তাঁকে 'মেরুদণ্ডহীন' বলতেও দ্বিধা করেননি। তাঁদের মতে, যখন দেশের যুবসমাজ ও ছাত্ররা কঠিন পরিস্থিতির মুখোমুখি, তখন তারকাদের এমন নীরবতা অত্যন্ত হতাশাজনক।

তবে সোনুর কিছু অনুরাগীদের তাঁর পক্ষ নিয়েও কথা বলেছেন। তাঁদের দাবি, যেকোনও রাজনৈতিক বা সামাজিক বিষয়ে মন্তব্য করার জন্য কোনও শিল্পীকে জোর করা যায় না। সব মিলিয়ে সোনুর এই চুপ করে থাকা এবং অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া এখন বিনোদন জগতের অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি, সলমন খান, সোনাক্ষী সিনহা, আর মাধবন, প্রকাশ রাজ, ইমরান খানের মতো তারকারা।