সম্প্রতি হুব্বাল্লিতে সোনু নিগমের কনসার্ট ছিল। আর সেখানেই ঘটে যায় একটি বিপত্তি। গায়কের কনসার্টে একটি শিশু হারিয়ে যায়। যার কারণে মাঝে বেশ কিছুক্ষণ শো থামিয়ে দেন গায়ক। খুঁজে বের করেন সেই শিশুর অভিভাবককে।
জানা গিয়েছে প্রায় ৩০ হাজার মানুষ হয়েছিল সেই শোতে। সেখানেই ভিড়ে বাড়ির বাকিদের থেকে আলাদা হয়ে যায় শিশুটি। তখন সোনু নিগম গান থামিয়ে তাকে তার বাড়ির লোকের কাছে ফিরে যেতে সাহায্য করেন। পরবর্তীতে গায়ক নিজেই এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন। আর তাতেই মুগ্ধ হয়েছে নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে গায়ক ওই ভীতসন্ত্রস্ত শিশুটিকে গাইড করছেন। জানা গিয়েছে শিশুটির নাম শ্রী সাই। গায়ক প্রথমে একরত্তিকে মঞ্চে ডেকে নেন। তারপর তাকে বুঝিয়ে শান্ত করেন। গান গেয়ে ভোলাতে শুরু করেন। একই সঙ্গে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন বাচ্চাটি হারিয়ে গিয়েছে এবং তার পরিবারের লোক যেন এগিয়ে আসেন ওকে নিয়ে যেতে।
কী গান গেয়ে শোনান সোনু? তিনি গেয়ে ওঠেন, 'শ্রী সাই আ যাও, মাম্মি পাপা ইসকো লে যাও... ইসকে মাম্মি পাপা খো গয়ে, জলদি আ কে ইসকো লে যাও।' এরপর তিনি সেই শিশুটিকে বলেন, 'জানো তোমায় ছাড়া তোমার মা বাবা মজা করছে।' তখন শিশুটি জানায় যে সে তার বাবা মায়ের সঙ্গে আসেনি। সোনু যখন ফের জানতে চান যে তাহলে কে এসেছেন, তখন জানায় কাকার সঙ্গে। এরপর গায়ক ওর কাকাকে ডাকতে শুরু করেন, এবং একই সঙ্গে বলেন, বাচ্চাটির বাবা তাকে দেখে রাখার দায়িত্ব দিয়েছে, আর সে সেটা পালন করতে পারল না। এতে সেখানে উপস্থিত সকলে হেসে ফেলেন।
এরপর গায়কের টিম বাচ্চাটির কাকুকে খুঁজে বের করেন। এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে গায়ক লেখেন, 'হুব্বাল্লির শোতে গত রাতে, ভয়ে নার্ভাস হয়ে যাওয়া শ্রী সাই ৩০ হাজার মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল। হয়তো অত ভয় পায়নি বা হারিয়ে যায়নি, আসলে ও আমায় খুঁজে নিয়েছে।'
সোনু নিগম বর্তমানে ভারত সফরে রয়েছেন। তাঁর এই সফরের নাম 'দিওয়ানা তেরা' কনসার্ট সিরিজ। গুয়াহাটি, জয়পুর, ইন্দোরে ইতিমধ্যেই তাঁর সেই শো অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি লখনউতে রয়েছে তাঁর এই সিরিজের কনসার্টের পরবর্তী শো।
