বিনোদন জগতের গ্ল্যামার আর তারকাদের প্রতি সাধারণ মানুষের উন্মাদনা নতুন কিছু নয়। কিন্তু সেই ভাললাগা যখন আসক্তিতে পরিণত হয়, তখন তা ব্যক্তিগত জীবনে ডেকে আনতে পারে চরম বিপর্যয়। সম্প্রতি পাঞ্জাবি ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া এমন এক চাঞ্চল্যকর ঘটনার কথা ভাগ করেছেন, যা শুনে হতবাক নেটপাড়া।

সোনম জানান, তাঁর রূপ ও ব্যক্তিত্বের প্রতি এক যুবকের অতিরিক্ত মোহ বা ‘অবসেশন’ এতটাই বেড়ে গিয়েছিল যে, শেষ পর্যন্ত তাঁর হবু স্ত্রী সেই এনগেজমেন্ট বা বাগদান ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। সোনমের কথায়, ওই যুবক সারাদিন অভিনেত্রীর ছবি, ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মেতে থাকতেন। হবু জীবনসঙ্গিনীর চেয়েও তাঁর কাছে বেশি গুরুত্ব পেতেন রুপোলি পর্দার এই নায়িকা।

সোনম এই ঘটনার কথা বলতে গিয়ে বলেন, “একবার একটি মেয়ে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি সোনম বাজওয়া?’ আমি ‘হ্যাঁ’ বলতেই তিনি বললেন, ‘আপনাকে আমার একটা কথা বলার আছে।’ তিনি বলতে শুরু করলেন যে আমার কারণেই নাকি তাঁর এনগেজমেন্ট ভেঙে গিয়েছে। আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে ভেবে পাচ্ছিলাম না আমার এখন কী বলা উচিত? কিন্তু তখনই তিনি বললেন, ‘তবে এখন আমি খুব খুশি এবং অন্য একজনের সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছে।"

সেই মহিলা কেন তাঁর বিয়ে ভেঙে দিয়েছিলেন, তার কারণ জানিয়ে সোনম বলেন, “তিনি বললেন, ‘আমি এখন ভীষণ খুশি। আমি ওই ছেলেটার সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিয়েছি কারণ সে আপনার ব্যাপারে আচ্ছন্ন ছিল। সে চাইত আমি যেন দেখতে আপনার মতো হই, আমার শরীর যেন আপনার মতো হয়। এসব আমার জন্য অসহ্য হয়ে উঠেছিল, তাই আমি এনগেজমেন্টটা ভেঙে দিই। কিন্তু এখন আমি যার সঙ্গে আছি, সে আমাকে খুব ভালবাসে।"

সোনম জানান, তিনি সেই মেয়েটির কথা শুনে তাঁর জন্য খুশি হয়েছেন বলেই তাঁকে জানিয়েছেন।
সোনম বাজওয়া বর্তমানে তাঁর কেরিয়ারের তুঙ্গে রয়েছেন। পাঞ্জাবি সিনেমার পাশাপাশি বলিউডেও তাঁর জনপ্রিয়তা বাড়ছে। তবে পর্দার নায়িকার প্রতি অন্ধ মোহ যে কারও ঘর ভাঙার কারণ হতে পারে, তা ভাবিয়ে তুলেছে অনেককেই। সোনম নিজেও তাঁর অনুরাগীদের অনুরোধ করেছেন যেন তাঁরা পর্দার জীবনকে বাস্তবের সঙ্গে গুলিয়ে না ফেলেন এবং নিজেদের প্রিয়জনদের বেশি সময় দেন।