ফেডারেশনের পর কনফেডারেশন নামে একটি সংগঠন শুরু হচ্ছে এমন খবরে তোলপাড় হয়েছিল টলিউড। বিজেপির এই নতুন সংগঠনটির একাধিক মিটিংও হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। কিন্তু কিছুদিন আগে কনভেডারেশনের সঙ্গে পদ্মফুল শিবিরের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আর এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন বিধায়ক পাপিয়া অধিকারী।

পাপিয়া অধিকারী বলেছিলেন, "ফেডারেশন এখন নেই। সেই কারণে কনফেডারেশনের ভাবনা এসেছে। সবকিছু গুছিয়ে নিতে আর একটু সময় লাগবে।"

৭০০ টাকা দিয়ে কনফেডারেশন ফর্ম বিলি করা হয়েছে, এমন অভিযোগও সামনে এসেছিল। তাঁর কথায়, "কনফেডারেশন হল একটা বড় ছাতা। সেখানে এতদিন ধরে ফেডারেশনের কারণে যারা কাজ পায়নি, দিনের পর দিন বসে থেকেছেন, তাঁদের জন্য ভাবনাচিন্তা করা হবে। অ্যাডভোকেট, ঔপন্যাসিক সহ সমাজের কিছু প্রখ্যাত মানুষেরা এক্ষেত্রে পরামর্শ দেবেন।"

এর মধ্যে জানা গিয়েছিল সেই কনফেডারেশন নাকি জাতীয় পুরস্কারজয়ী মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু এবং হেয়ার স্টাইলিস্ট হেমা মুন্সী-সহ বেশ কয়েকজন কলাকুশলীকে নতুন একটি হিন্দি ছবির কাজ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চালিয়েছিল।

এই বিতর্কের কেন্দ্রে ছিল পরিচালক সুমন সেনের দ্বিভাষিক ছবি 'একা'। হঠাৎ করেই নাকি ছবির এক্সিকিউটিভ প্রডিউসারদের ডেকে তাঁদের বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই নির্দেশ দেওয়ার নেপথ্যে উঠে এসেছিল টলিপাড়ার বিধায়ক পাপিয়া অধিকারীর নাম। যদিও আজকাল ডট ইন-এর কাছে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে জানিয়েছিলেন হেমা ও সোমনাথ নাকি ভুল বলছেন। 

এদিকে খবর, জটিলতা কাটিয়ে সোমনাথ কুণ্ডু আবার কাজে ফিরেছেন। প্রযোজক জানিয়েছেন তাঁকে ছাড়া এই ছবির কাজ হবে না। সোমনাথ কুণ্ডু আজকাল ডট ইন-কে বলেন, "আমায় প্রযোজকের দরকার, প্রযোজককে আমার দরকার। আমার কাজ নিয়ে ওঁর কোনও অসুবিধা নেই তাহলে আমায় অন্য কেউ কেন সরাবে? প্রতিবাদ করতেই আমায় আর কাজ থেকে সরাতে পারেনি। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ আগে যেমন ফেডারেশন ছিল তেমনই যেন থাকে, শুধু সভাপতি পদে যোগ্য কাউকে দেওয়া হোক। তাহলে এই কনফেডারেশনের জটিলতা তৈরি হয় না।"

কনফেডারেশন নিয়ে কী মত বিধায়ক, অভিনেত্রী রূপা গাঙ্গুলি বলেন, "রাজ্য সভাপতি যখন বলেছেন এই সংগঠনের কোনও অস্তিত্ব নেই বিজেপির কাছে, তখন কয়েকজন মিলে সংগঠন তৈরি করলেই তো হবে না। তাছাড়া এই কনফেডারেশনের বিষয়ে আমার তেমন ধারণা নেই।"