টলিউডের পরিচিত মুখ স্নেহা চ্যাটার্জি। বড়পর্দা, ছোটপর্দা মিলিয়ে তাঁর দীর্ঘদিনের কেরিয়ার। দর্শক অভিনেত্রীকে শেষ দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'তে। অন্যদিকে, বড়পর্দায় 'গৃহপ্রবেশ' ছবিতে শুভশ্রী গাঙ্গুলির কাছের বান্ধবীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।
এবার স্নেহা ধরা দিতে চলেছেন একেবারে ভিন্ন চরিত্রে। প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা প্রথমবার বড়পর্দায় আসছে। আর সেই ছবিতেই থাকবেন অভিনেত্রী। জানা যাচ্ছে, তাঁর চরিত্রটি ভীষণ ইতিবাচক। মূলত নায়ক-নায়িকার সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। এই নায়িকার চরিত্রে দেখা যাবে 'ঘূর্ণি' ধারাবাহিকের নায়িকা সপ্তাশ্রীকে। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে আরিয়ুন ঘোষকে। যাঁকে 'অদম্য' ছবিতে মুখ্য চরিত্রে দেখেছিলেন দর্শক। ওই ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়েছেন আরিয়ুন। ছবির পরিচালনার দায়িত্বে আছেন অরিজিৎ টোটোন চক্রবর্তী।
টলিপাড়ার অন্দরের খবর, এই ছবি এগোবে আদ্যপান্ত প্রেমের গল্প নিয়েই। নায়ক-নায়িকার প্রেম যখন আছে, তখন সেই প্রেমের বাধা তো থাকবেই। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষাল। অর্পণকে ওটিটিতে নেতিবাচক চরিত্রে দেখা গেলেও বড়পর্দায় এই প্রথমবার খলনায়ক হবেন তিনি। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আয়েন্দ্রী রায়। ইতিমধ্যেই বোলপুরে আউটডোর শুটিং হয়েছে এই ছবির।
এদিকে, ক'দিন ধরেই শোনা যাচ্ছে স্নেহার ছোটপর্দায় ফেরার গুঞ্জন। কোন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে? আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানান, এখনও কিছু চূড়ান্ত হয়নি। কথাবার্তা চলছে অনেক আসন্ন প্রজেক্টের সঙ্গেই। শেষমেশ কোন ধারাবাহিকে নতুন চরিত্র নিয়ে ফিরবেন অভিনেত্রী, এখন সেটাই দেখার।















