সুরই আমার প্রথম প্রেম! ৮৮ বছরে জীবনের প্রথম শাস্ত্রীয় সঙ্গীতের অ্যালবাম প্রকাশ করবেন অস্কারজয়ী অভিনেতা। আগামী মাসে নিজের জীবনের প্রথম অ্যালবাম প্রকাশ করতে চলেছেন স্যার অ্যান্থনি হপকিন্স। অ্যালবামটিতে থাকবে গত ছয় দশক ধরে তাঁর সৃষ্ট একাধিক শাস্ত্রীয় সঙ্গীতের সুর।
দু'বারের অস্কারজয়ী এই অভিনেতা জানিয়েছেন, তিনি "সারা জীবনই সুর সৃষ্টি করে এসেছেন" এবং "সঙ্গীতই ছিল আমার প্রথম ভালবাসা, প্রথম স্বপ্ন।" ৮৮ বছর বয়সি হপকিন্সের নতুন অ্যালবামের নাম লাইফ ইস এ ড্রিম (Life Is A Dream)। অ্যালবামের প্রথম সিঙ্গল ‘Bracken Road’ শুক্রবার প্রকাশিত হয়েছে। গানটি তাঁর দক্ষিণ ওয়েলসের মার্গাম অঞ্চলে কাটানো শৈশবের স্মৃতি থেকে অনুপ্রাণিত।
পোর্ট ট্যালবটে জন্ম নেওয়া হপকিন্স, যিনি ‘The Silence of the Lambs’ ছবিতে হ্যানিবাল লেক্টারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন, ছোটবেলা থেকেই নিজের সুর তৈরি করতেন। মাত্র চার বছর বয়সেই তিনি পিয়ানো বাজানো শুরু করেন।
‘1947: Suite For Solo Piano And Orchestra’-র অংশ ‘Bracken Road’ সুরটি তাঁর ১৯৪০-এর দশকের শৈশবের বাড়ির আশপাশের রাস্তা, সবুজ মাঠ, কৃষিজমি এবং পাহাড়ি প্রকৃতি থেকে অনুপ্রাণিত। ১৯৬৩ সালে লিভারপুল প্লেহাউসে তরুণ অভিনেতা হিসেবে কাজ করার সময় তিনি এই সুরটি রচনা করেছিলেন।
হপকিন্স বলেন, "এই সুরগুলির অনেকগুলোই কয়েক দশক ধরে আমার সঙ্গে রয়েছে। এখনও বারবার ওগুলোর কাছেই ফিরে যাই।"
নতুন অ্যালবাম প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমার পুরো জীবনটাই যেন একটা স্বপ্ন।" ডেকা ক্লাসিকস (Decca Classics)-এর সঙ্গে কাজ করাকে তিনি "জীবনের সবচেয়ে বড় সম্মান" বলে বর্ণনা করেছেন।
অ্যালবামের সুরকার গ্র্যামিজয়ী কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং ফিলহারমোনিয়া অর্কেস্ট্রা। অ্যালবামে উঠে আসবে ওয়েলসে বেড়ে ওঠা, পরিবার এবং জীবনের নানা স্মৃতি।
দুদামেল সম্পর্কে হপকিন্স বলেন, "তাঁর শিল্পসত্তা এই সংগীতযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাঁর নিখুঁত পরিচালনায় প্রতিটি সুর নতুন অর্থ পেয়েছে এবং এমন এক সংগীতের জগৎ তৈরি হয়েছে, যা শ্রোতাদের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে যুক্ত করবে।"
ডেকা ক্লাসিকসের প্রেসিডেন্ট লরা মঙ্কস বলেন, কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁর বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের অংশ হতে পেরে গোটা টিম উচ্ছ্বসিত ছিল। রেকর্ডিংয়ের সময় উপস্থিত থেকে তিনি অনুভব করেছেন, শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে হপকিন্সের জ্ঞান এবং ভালবাসা গভীর৷
অ্যালবামের আরেকটি গান ‘My Fatherland’-এ হপকিন্স তাঁর জন্মভূমি ওয়েলসকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, "আমার সাধারণ শিকড়কে সম্মান জানাতেই এই সুর লিখেছি। আমি একজন রুটিওয়ালার ছেলে।"
অ্যালবামের অন্যান্য সুরে উঠে এসেছে পোর্ট ট্যালবটের স্মৃতি, দাদুর সঙ্গে কাটানো শৈশব, সেই সিনেমা হল যেখানে প্রথম সিনেমার প্রতি তাঁর ভালোবাসা জন্মেছিল এবং জীবনের সবচেয়ে কাছের মানুষদের কথা।
১৯৯২ সালে ‘The Silence of the Lambs’ ছবিতে হ্যানিবাল লেক্টারের ভূমিকায় অভিনয় করে অস্কার জেতেন হপকিন্স। পরে তিনি ‘Hannibal’ (২০০১) এবং ‘Red Dragon’ (২০০২) ছবিতেও একই চরিত্রে অভিনয় করেন।
২০২১ সালে ‘The Father’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো অস্কার জেতেন তিনি। ওই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন অলিভিয়া কোলম্যান।
















