জিয়াগঞ্জে স্কুটিতে ঘুরে বেড়ালেন অরিজিৎ সিং ও শ্রুতি দাস! কী কথা হল তাঁদের মধ্যে? সমাজমাধ্যমে নিজেই সেই মুহূর্তের কথা তুলে ধরেছেন অভিনেত্রী শ্রুতি দাস। শ্রুতি রবিবার সকালে লিখলেন, 'অরিজিৎ সিং আমায় স্কুটিতে বসিয়ে গোটা জিয়াগঞ্জ ঘোরালেন...মুখে তাঁর সেই গান, "আজা রে আ বরখা রে..."। তারপর একটা দোকানে বসিয়ে আমার কাছে গান শুনতে চাইলেন। আমি শোনালাম, গাইত গাইতে কেঁদেও ফেললাম। উনি পরম আদরে মাথায় হাত বুলিয়ে আমায় আশীর্বাদ করলেন...। এত বড় একটা স্বপ্ন শেষমেশ এভাবে ভেঙে যাবে? আমার আবার ঘুমাতে যেতে ইচ্ছে করছে।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
আসলে পুরো বিষয়টাই মজার ছলে লিখেছেন শ্রুতি। অরিজিৎ সিং-এর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হওয়ায় বেজায় খুশি শ্রুতি। পছন্দের গায়কের সঙ্গে স্বপ্নে দেখা হওয়াটা যেন অভিনেত্রীর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্তের মধ্যে একটা। সমাজমাধ্যমে শ্রুতির পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। আসলে জিয়াগঞ্জের অলিতে গলিতে অরিজিৎ সিং যেন ঘরের ছেলে। সেলিব্রিটি তকমা যদিও কোনওকালেই গায়ে লাগেনি তাঁর। দিব্যি স্কুটি করে ঘুরে বেড়ান তিনি। তাই শ্রুতির স্বপ্নটা একেবারেই আজগুবি নয়।
প্রসঙ্গত, এই মুহূর্তে দর্শক শ্রুতি দাসকে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'তে। গল্পে তাঁর চরিত্রের নাম 'নিশা'। টিআরপির নিরিখে প্রতি সপ্তাহে বেশ ভালই ফল করছে এই মেগা। নিশা ও উজির গল্প শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। নিশাকে দর্শক দারুণ পছন্দ করেন। শ্রুতির অভিনয় বরাবরের মতো এবারও দর্শকের প্রশংসায়। নিশার লড়াই, নিশার আত্মত্যাগ, নিশার বুদ্ধি, সবটাই যেন অনুরাগীদের বড্ড কাছের। এই ধারাবাহিকে শ্রুতির বোন 'উজি'র চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে।
















