গত বছর মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল মালয়ালম গান 'কল্যাণী'। এবার সেই সুপারহিট গানের রিমিক্সের অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটির শুরুতেই শোনা যায় শ্রেয়া ঘোষালের কণ্ঠ, আর গানের মূল চরিত্রে নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী ও নৃত্যশিল্পী সানিয়া ইয়াপ্পান।

অর্জুন সুনীল (ARJN), কিরণ দাস (KDS), বিষ্ণু ভি (Fifty4) এবং রন বিনোদের (Ronn) তৈরি এই গানটি গত বছরের নভেম্বরে মুক্তি পায়। এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ইতিমধ্যেই Spotify-এ ৯ কোটিরও বেশি স্ট্রিম অতিক্রম করেছে 'কল্যাণী'। ফলে অফিসিয়াল মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে।

 চলচ্চিত্র নির্মাতা লেন প্রসাদ এই ভিডিওর এক্সিকিউটিভ প্রোডিউসার। তাঁর কথায়, আন্তর্জাতিক মানের প্রোডাকশন, কালার গ্রেডিং এবং উপস্থাপনার লক্ষ্য নিয়েই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাঁর বিশ্বাস, সঙ্গীতের কোনও ভাষা হয় না। গান যদি মানুষের ভালো লাগে, তবে সেটি যে কোনও ভাষার হলেও বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পায়।

আরঅ্যান্ডবি, আফ্রোবিট এবং ঐতিহ্যবাহী মালয়ালম গানের কথার মিশেলে তৈরি 'কল্যাণী' নতুন প্রজন্মের কেরলীয় সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। কোচিতে শুট হওয়া এই মিউজিক ভিডিওতে মালয়ালি সংস্কৃতি, স্থাপত্য ও ঐতিহ্যবাহী পোশাককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রেয়া ঘোষাল এখানে মালয়ালম ও হিন্দি—দুই ভাষাতেই কণ্ঠ দিয়েছেন। 

অন্যদিকে, সানিয়া ইয়াপ্পান নিজের রিহার্সালের ভিডিও শেয়ার করে ভক্তদের নাচের চ্যালেঞ্জে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে শ্রেয়ার হিন্দি অংশে তাঁর কোরিওগ্রাফি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
পরিচালক লিও বেনের পরিচালনায় তৈরি এই ভিডিওটি ১ জুলাই মুক্তি পাওয়ার পর কয়েক দিনের মধ্যেই ইউটিউবে ৩৩ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। শুধু তাই নয়, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহ—দুই দেশেই ইউটিউবের ট্রেন্ডিং মিউজিক চার্টে জায়গা করে নিয়েছে 'কল্যাণী'। ভাইরাল গান থেকে আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিও—এই যাত্রাই এখন নতুন প্রজন্মের ভারতীয় স্বাধীন সঙ্গীতের বড় সাফল্যের গল্প হয়ে উঠেছে।