টেলিভিশন অভিনেতা শোয়েব ইব্রাহিম সম্প্রতি তাঁর স্ত্রী এং অভিনেত্রী দীপিকা কাকারের স্বাস্থ্যের খবর জানাতে সামাজিক মাধ্যমে একটি আপডেট শেয়ার করেছেন। অভিনেতা জানিয়েছেন, তাঁরা দীপিকার রক্তপরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, “গতকালই হাসপাতাল গিয়েছিলাম রক্তের স্যাম্পল দিতে। এখন প্রায় তিন মাস পরপর, কখনও দু’মাস পরপর পরীক্ষা করাতে হয়। রিপোর্ট কাল হাতে আসবে।”
শোয়েব আরও বলেন, “এই সময়টাই আমাদের সবচেয়ে বেশি ভয় দেখায়। আশা করছি, সব ঠিক থাকবে।” পাশে বসে থাকা দীপিকার চোখে সেই মুহূর্তে ভয় ও আশার মিশ্র প্রতিফলন স্পষ্ট।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দীপিকা স্টেজ ২ লিভার ক্যানসারের সঙ্গে লড়ছেন। ধারাবাহিকভাবে একের পর এক স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তিনি। জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সসুরাল সিমর কা’-র নায়িকা দীপিকা কয়েক মাস আগেই তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন, যা ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছিল।
অভিনেত্রী জুন মাসে একটি টিউমার অপসারণের অস্ত্রোপচার করান। সেই সময় থেকেই তিনি নিয়মিত চিকিৎসা এবং কেমোথেরাপি নিচ্ছেন। এবং চিকিৎসার অভিজ্ঞতা জানাচ্ছেন ইউটিউবে।
দীপিকা, যিনি একজন জনপ্রিয় ভ্লগারও, নিজের ইউটিউব চ্যানেলে ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইয়ের অভিজ্ঞতা, অস্ত্রোপচার থেকে শুরু করে কেমোথেরাপি এবং পরবর্তী চিকিৎসার পরিকল্পনা সবই বিস্তারিতভাবে শেয়ার করেছেন।
দীপিকা টেলিভিশন অভিনেতা শোয়েবকে বিয়ে করেন। এবং তাঁদের দু’বছরের এক পুত্রসন্তান রয়েছে—রুহান। দু’জনেই নিজেদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্যক্তিগত এবং পারিবারিক মুহূর্তের আপডেট নিয়মিতভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
কয়েক সপ্তাহ আগে দীপিকা তাঁদের সন্তান রুহানের থেকে একটি ভাইরাল সংক্রমণে আক্রান্ত হন। সেই সময় তিনি এক ভ্লগে জানান, চলমান ক্যানসার চিকিৎসার কারণে তাঁর রোগপ্রতিরোধ ক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, যার ফলে সংক্রমণটি তাঁর ক্ষেত্রে আরও গুরুতর রূপ নিয়েছে।
দীপিকার কথায়, “রুহানের কাছ থেকে আমার সংক্রমণ হয়েছে। আমার ক্ষেত্রে ইনফেকশনটা বেশি গুরুতর হয়ে গিয়েছিল, কারণ আমি চিকিৎসার মধ্যে আছি। চিকিৎসক আগেই বলে দিয়েছিলেন, কোনও রকম জ্বর বা ভাইরাল হলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে। চিকিৎসককেই জানানো মাত্রই তিনি অ্যান্টিবায়োটিক শুরু করেন, বেশ ভারী ডোজে। পাশাপাশি অ্যান্টি-অ্যালার্জিক ওষুধও দিয়েছেন, যা শরীরে অনেক প্রভাব ফেলছে।”
বর্তমানে দীপিকা চিকিৎসার অধীনে রয়েছেন, এবং পরিবার আশা করছে তাঁর রিপোর্টে ইতিবাচক ফল আসবে।
ছোট পর্দায় ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন দীপিকা। হাতেখড়িতেই পান তুমুল সাফল্য। এরপর ‘ঝলক দিখলা জা’, ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এর মতো রিয়্যালিটি শো-তেও দেখা যায় তাঁকে। ২০২১ সালে অভিনয় করেন ‘সসুরাল সিমর কা ২’-এ।
