গত শুক্রবার সমস্ত জটিলতা কাটিয়ে বছর তিনেক পর অবশেষে মুক্তি পেয়েছিল 'সতলেজ'। তাও বড়পর্দায় নয়। ওটিটি মাধ্যমে। কিন্তু একি! মুক্তি পাওয়ার দু'দিনের মাথাতেই জি ফাইভ থেকে সরিয়ে নেওয়া হল এই ছবিটি। দিলজিৎ দোসাঞ্জ অভিনীত এই ছবিটিতে তুলে ধরা হয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সমাজসেবী যশবন্ত সিং খালরার জীবনী। প্রায় ৪ বছর ধরে ছবিটি বানানোর পর ৩ বছর সেন্সর বোর্ডের কারণে মুক্তি পায়নি। দুইবার নাম বদলানো হয়েছে, একাধিক দৃশ্য বাদ দেওয়া হয়েছে, তারপর যাও বা মুক্তি পেল, সেটাও সরিয়ে দেওয়া হল। কেন এই ছবি নিয়ে এত বিতর্ক? কে এই যশবন্ত সিং খালরা। কেনই বা তাঁর বায়োপিক নিষিদ্ধ হয়ে গেল? 

'সতলেজ' ছবিটির আগের নাম ছিল 'পঞ্জাব '৯৫'। এই ছবিতে যশবন্ত সিং খালরার জীবন থেকে মৃত্যু সবটাই দেখানো হয়েছে। তিনি একজন ব্যাঙ্কের ক্লার্ক ছিলেন। পরবর্তীতে তিনি পঞ্জাবের একজন মানবাধিকার কর্মী হয়ে ওঠেন। ৯০ এর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি মানবাধিকার নিয়ে কাজ করা শুরু করেন। ১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত সেই রাজ্যে ২৫ হাজার মানুষের কবর দেওয়া এবং মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কাজ করেন। 

'সতলেজ' ছবিতে বাস্তবের একাধিক ঘটনার পাশাপাশি কিছু কাল্পনিক দৃশ্য এবং বিষয়ও দেখানো হয়েছে, একই সঙ্গে তুলে ধরা হয়েছে পঞ্জাব পুলিশের কালো দিক, যা বিশেষ করে ১৯৮০-৯০ এর দশকে দেখা গিয়েছিল। 

'সতলেজ' ছবিটিতে দিলজিৎ দোসাঞ্জ ছাড়াও আছেন অর্জুন রামপাল, সুবিন্দর ভিকি, কানওয়ালজিৎ সিং, প্রমুখ। ছবিতে যশবন্ত সিং খালরার ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ। এদিন ছবিটি ওটিটি থেকে সরিয়ে নেওয়া হতেই, ছবিটি যাতে সমস্ত দর্শকের কাছে পৌঁছে যায় সেটার অনুরোধ করেছেন খোদ অভিনেতা। তিনি সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যাঁরা ছবিটি ডাউনলোড করেছিলেন। তাঁরা যেন ছবিটি সমাজমাধ্যমে ছড়িয়ে দেন সেই অনুরোধ করেছেন দিলজিৎ। 

কেন 'সতলেজ' ছবি নিয়ে এত বিতর্ক? ২০২২ সালে ছবিটির প্রথম নাম রাখা হয় 'ঘাল্লুঘরা'। এই শব্দটি মূলত শিখ নিধন ঘটনার কথা বোঝায়। এরপর সেন্সর বোর্ড ছবির নাম বদলে 'পঞ্জাব '৯৫' রাখতে বলে, সঙ্গে নিদান দেয় ২১ টি দৃশ্যে কাঁচি চালানোর। তাঁদের মনে হয়েছিল 'সতলেজ' ছবিটিতে পঞ্জাবের শাসন, আইন ব্যবস্থাকে নেতিবাচক ভাবে দেখানো হয়েছে ছবিটিতে। বিষয়টা এরপর বম্বে হাইকোর্টের কাছে পৌঁছয়। একটা রিভিশন কমিটি গঠন হয়। তারা ২১ টির বদলে ১২০ টি দৃশ্য বাদ দিতে বলেন। সেই সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছিল 'সতলেজ'। তাও কোনও প্রচার ছাড়াই। কিন্তু তারপরও শেষ রক্ষা হল না।