জল্পনা ছিল তুঙ্গে। শুক্রবার সেই জল্পনা ভেঙে রাজ্য রাজনীতিতে বিরাট চমক ঘাসফুল শিবিরের। ঘোষণা করা হল, রাজ্যসভার প্রার্থী তালিকা। চমক সেখানেই। শুক্রবার তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বাংলার শাসক দল জানিয়েছে, রাজ্যসভার নির্বাচনে কে কে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। প্রার্থী তালিকায় বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী।
কোয়েলকে এর আগে কখনও রাজনৈতিক কাজে দেখা যায়নি। এমনকী ইঙ্গিত পর্যন্ত পাওয়া যায়নি যে তিনি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন। কোয়েলের নতুন ভূমিকা নিয়ে শতাব্দী রায় বলেন, "খুব ভাল লাগছে খবরটা পেয়ে। কোয়েল খুব ভাল মেয়ে। ও খুব মনোযোগী, মনোযোগ দিয়ে কিছু করলে তার মূল্য অবশ্যই পাওয়া যায়। আমার বিশ্বাস ও খুব মনোযোগ দিয়ে কাজটা করবে।"
তবে এই খবর আসার পর থেকেই দু'ভাগে ভাগ হয়ে গিয়েছেন কোয়েলের অনুরাগীরা। কোয়েল রাজনীতিতে পা রাখতেই অনেকেই যেমন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তেমনই কিছু অনুরাগীদের মন ভেঙেছে। আসলে কোয়েল মল্লিক কখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেননি। এমনকী নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। বিয়ে, দুই সন্তান সবটাই লোকচক্ষুর আড়ালেই। প্রচারের মাধ্যম হিসেবে সমাজমাধ্যমকেও তেমন গুরুত্ব দিতে দেখা যায় না তাঁকে। তাঁর হঠাৎ রাজনীতির ময়দানে পা দেওয়াটা বেশ অবাক করেছে অনুরাগীদের। রাজনীতির ময়দানে এবার কতটা জনপ্রিয়তা পান 'টলি কুইন' এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, শুক্রবার প্রার্থীনাম ঘোষণা করেই, তৃণমূল কংগ্রেস পোস্টে লিখেছে, 'আমরা তাঁদের আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই। তাঁরা যেন তৃণমূলের স্থিতিস্থাপকতার স্থায়ী উত্তরাধিকার এবং প্রতিটি ভারতীয়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হন।'
