সংবাদসংস্থা, মুম্বই: চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের চ্যাট শো "কফি উইথ করণ ৮" এর পরের পর্বের অতিথি সারা আলি খান। ইন্ডাস্ট্রির বন্ধু অনন্যা পান্ডের সঙ্গে তিনি হাজির হবেন অনুষ্ঠানে। নির্মাতারা সোশ্যাল মিডিয়াতে পর্বটির একটি আভাস দিয়েছেন। বলিউড অভিনেত্রী সারা আলি খান অবশেষে টিম ইন্ডিয়ার ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তাঁর ডেটিংয়ের গুজবের প্রতিক্রিয়া জানিয়েছেন।
দুই বান্ধবীর সম্পর্ক এতই গভীর যে, তাঁদের প্রাক্তনও নাকি একই মানুষ। কিছুদিন আগেই অনন্যা পান্ডের সঙ্গে আদিত্য রায় কাপুরের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন সারা। এবার মুখ খুললেন শুভমান গিলের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব নিয়ে। এই প্রসঙ্গে করণের প্রশ্নের উত্তরে, কেদারনাথ অভিনেত্রী বলেন, "ভুল সারাকে প্রশ্ন করছেন। দুনিয়া ভুল সারাকে সন্দেহ করছে।"
শুভমানের সঙ্গে সারার সম্পর্কের গুজব শিরোনাম হয়েছে ইতিমধ্যেই । তবে এই সারা হলেন সারা তেন্ডুলকর। এই জুটিকে সম্প্রতি মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড প্লাজা ইভেন্টে দেখা গিয়েছে।
কয়েকদিন আগে, সারাকে পুনেতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময় শুভমানের জন্য উল্লাস করতে দেখা গিয়েছিল। সপ্তম ওভারে শুভমান বাউন্ডারি মারার পর তাঁকে হাততালি দিতে দেখা যায়। ২০২০ সালে সারা-শুভমানের ডেটিং করার গুজব উঠেছিল। সেই সম্পর্কে সিলমোহর দেননি কেউই।
















