স্বামী সৌম্য মুখার্জির সঙ্গে নরওয়ে সফরে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ১৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় তাঁদের। গত রবিবার প্যারিসে এসে পৌঁছান তাঁরা। আর সেখানেই ঘটে বিপত্তি। প্যারিস থেকে কলকাতা ফেরার সমস্ত বিমান পরিষেবা এই মুহূর্তে বন্ধ। তাই প্যারিসেই আটকে পড়েছেন সৌম্য-সন্দীপ্তা। মধ্য এশিয়ার উত্তাল পরিস্থিতির জেরে ঘটেছিল এমনটা। সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার নিরাপদে বাড়ি ফিরেছেন তাঁরা।
শনিবার সমাজমাধ্যমে সন্দীপ্তা ফেরার খবর জানিয়ে লেখেন, 'যুদ্ধের কারণে ৩ মার্চ থেকে আমরা প্যারিসে আটকে ছিলাম। আমাদের প্যারিস-আবুধাবি-কলকাতা ফ্লাইটটি বারবার বাতিল হয়ে যাচ্ছিল। কয়েক দিনের অনিশ্চয়তা আর অনেক পরিবর্তনের পর, অবশেষে পোল্যান্ড এবং দিল্লি হয়ে অন্য একটি রুটে আমরা ফিরতে পেরেছি। ফিরে আসতে পেরে কৃতজ্ঞ। বিভিন্ন দেশে আটকে পড়া বাকি সবাই যেন দ্রুত নিরাপদে তাঁদের পরিবারের কাছে পৌঁছাতে পারেন, সেই প্রার্থনা করি।'
এর আগে প্যারিসে আটকে পড়ার খবর জানিয়ে সন্দীপ্তা লিখেছিলেন, 'আমাদের প্যারিস থেকে কলকাতা ফেরার ফ্লাইট ক্যানসেল হয়েছে। কারণ, ওই ফ্লাইটটা আবু ধাবি হয়ে আসত, তাই। যদি হয়, আমরা অন্য কোনও উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছি।'
সেই সময় আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। সন্দীপ্তার কথায়, "প্যারিসে তো তেমন আঁচ পড়েনি। কিন্তু কলকাতায় ফেরার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। আমরা এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছিলাম। ওদের সঙ্গে যোগাযোগ করা হলে আমাদের জানানো হয় ৫ মার্চ একটা ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তেমন কোনও নিশ্চয়তা দিতে পারেনি ওরা। আমরা আপাতত এয়ারপোর্টেই আছি। এবার আবারও হোটেলে ফিরতে হবে।"
সন্দীপ্তা আরও বলেছিলেন, "১৮ ফেব্রুয়ারি নরওয়ে ট্রিপে আসি আমরা। আগামিকাল ফেরার কথা ছিল। এইভাবে আটকে পড়ব কে জানত? ৫ তারিখও যদি না বাড়ি ফিরতে পারি, তাহলে কী যে হবে! চিন্তা হচ্ছে। আমার আর সৌম্যর দু'জনেরই তো কাজ আছে। ওকে অফিস জয়েন করতে হবে। আমায় শুটিং-এ ফিরতে হবে। এই পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে হচ্ছে।"
অবশেষে বিকল্প পথেই বাড়ি ফিরলেন তাঁরা। অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফেলেছেন অনুরাগীরা। প্রসঙ্গত, শুক্রবার দুবাই থেকে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান চক্রবর্তীও।
