গত ৭ই এপ্রিল ইউটিউবে প্রকাশ পেয়েছে সময় রায়নার কমেডি স্পেশাল ‘স্টিল অ্যালাইভ’। এরপর থেকেই কৌতুকশল্পী সময় রায়নাকে নিয়ে চর্চা তুঙ্গে। 

সময় রায়না জানিয়েছেন, বিতর্কটি যখন শুরু হয়, তখন তিনি তাঁর ইউএসএ ট্যুরে ছিলেন। তিনি যখন তাঁর টিমকে জিজ্ঞাসা করেন যে তিনি যদি পারফর্ম করতে না পারেন তাহলে কী হবে, তখন তারা তাঁকে জানায় যে তাঁর প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হতে পারে। এই ৮ কোটি টাকা তিনি তাঁর “জীবনের সঞ্চয়” বলে বর্ণনা করেছেন। যদিও শেষ পর্যন্ত ট্যুরটি সফলভাবে সম্পন্ন হয়েছিল।  এই তথ্যটির জন্য সময় রায়নার সম্পত্তি নিয়ে নতুন করে কৌতুহল তৈরি করেছে৷ 

সূত্রের খবর, সময়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা। তবে, তার আয়ের উৎস একাধিক। সেই সব আয়ের হিসাবে প্রায় ২০০ কোটিরও বেশি সম্পত্তি সময়ের৷ 

ইউটিউবে প্রতি মাসে ৬৮.৭ মিলিয়নেরও বেশি ভিউ পান সময়৷ এছাড়া বিজ্ঞাপন থেকে আয় এবং এনগেজমেন্টের ওপর নির্ভর করে শুধুমাত্র এই প্ল্যাটফর্ম থেকেই তার বার্ষিক আয় ৩৮ কোটি থেকে প্রায় ৬৮ কোটি টাকার মধ্যে হতে পারে।

সময় রায়নার যাত্রা শুরু হয়েছিল স্ট্যান্ড-আপ কমেডি দিয়ে, যেখানে তিনি 'কমিকস্টান সিজন ২' জিতে পরিচিতি লাভ করেন। কিন্তু করোনা মহামারীর সময় তিনি ইউটিউবে দাবা খেলা স্ট্রিম করা শুরু করেন।

খেলার সঙ্গে হাস্যরস মিশিয়ে তিনি একটি অনন্য জায়গা তৈরি করেন যা সবার থেকে আলাদা ছিল। দাবাড়ু, কমেডিয়ান এবং ক্রিয়েটরদের সাথে তার কাজ তাকে সাফল্য এনে দেয়৷ 

স্ট্যান্ড-আপ কমেডিই তাঁর আয়ের প্রধান উৎস। সময় রায়না ভারতজুড়ে এবং আন্তর্জাতিক স্তরেও অনুষ্ঠান করেন। অনেক ডিজিটাল ক্রিয়েটরের মতো, এই কমেডিয়ানও ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং সোশ্যাল মিডিয়া পার্টনারশিপের মাধ্যমে আয় করেন।

বিলাসবহুল গাড়ি আছে সময়ের৷ টয়োটা ভেলফায়ার  তিনি গত বছর ধনতেরাসে কিনেছিলেন। প্রিমিয়াম এমপিভিটির দাম ১.২২ কোটি টাকার বেশি (এক্স-শোরুম)।

'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' বিতর্ক প্রসঙ্গে সময় রায়নাকে নিয়ে চর্চা হয়৷ রণবীর আল্লাহবাদিয়া বাবা-মা এবং যৌনতা নিয়ে একটি মন্তব্য করার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত হয়। এর ফলে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং সময় রায়নাকে নিয়ে আইনি জটিলতাও তৈরি হয়।