কপিল শর্মার শো-তে এক অভাবনীয় চমক! 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' চরম বিতর্কের পর এই শো-এর সুবাদে ফের একসঙ্গে পর্দায় ফিরছেন কমেডিয়ান সময় রায়না এবং ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া! বিশ্ব হাসি দিবস (ওয়ার্ল্ড লাফটার ডে)-এর বিশেষ পর্বে এই দুই তারকা হাজির হচ্ছেন নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে।
বিতর্ক ভুলে এবার হাসির ফোয়ারা ছোটাতে তৈরি সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়া। সম্প্রতি নেটফ্লিক্স তাদের সোশ্যাল মিডিয়ায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি নতুন প্রোমো শেয়ার করেছে, যা ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে। ওয়ার্ল্ড লাফটার ডে উপলক্ষে আগামী ২ মে রাত ৮টায় নেটফ্লিক্সে সম্প্রচারিত হতে চলেছে এই বিশেষ পর্বটি।
শেয়ার করা শো-এর সেই ভিডিও ক্লিপে দেখা যায়, সময় রায়না দর্শকদের বলছেন, “আমি অবশেষে আমার প্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে আসছি, কিন্তু আমাকে জানানো হয়নি আমার সঙ্গে কোন অতিথি থাকবেন।” এরপরই যখন মঞ্চে রণবীর এলাহাবাদিয়া সেখানে প্রবেশ করেন, তখন সময়কে দৃশ্যত হতাশ হয়ে “ ওরে বাবা রে ” বলতে দেখা যায়। তাদের এই অম্লমধুর রসায়ন দর্শকদের দারুণ বিনোদন জোগাবে বলে মনে করা হচ্ছে।















