বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। তবে সম্প্রতি তাঁর আসন্ন প্রজেক্ট ‘মাতৃভূমি’ নিয়ে বিনোদন জগতে এক জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, এই ছবিটি নাকি সিনেমা হলের ধার না ধেরে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে! সেই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মুম্বই সংবাদমাধ্যমকে এক সূত্র বলেছে, “সলমন আজও একজন মেগাস্টার, এবং তিনি ‘মাতৃভূমি’ ছবিটিকে অত্যন্ত বড় পরিসরে তৈরি করেছেন। এটি বড়পর্দার জন্যই তৈরি একটি সিনেমা, তাই ছবির আনুষঙ্গিক সমস্যাগুলো মিটে গেলেই সলমন ও পরিচালক অপূর্ব লাখিয়া এটি সিনেমা হলেই আনবে।”
এর পাশাপাশি ইন্ডাস্ট্রির অন্য এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, “কিছু মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ওটিটি প্ল্যাটফর্মে কোনও সেন্সরশিপ নেই। তাই অনেকে ভাবছেন সলমন খান যদি প্রেক্ষাগৃহ বাদ দিয়ে সরাসরি ওটিটিতে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে কোনওরকম ঝামেলা ছাড়াই তা সম্ভব হবে। কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। বড়পর্দায় মুক্তি পাওয়া ছবির মতো প্রতিটি ওটিটি ফিল্মকেও নির্দিষ্ট সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। অর্থাৎ, সরাসরি ওটিটি প্রিমিয়ারের ক্ষেত্রেও দর্শকদের সামনে আসার আগে সরকারি ছাড়পত্র পাওয়া বাধ্যতামূলক।”
সলমনের আসন্ন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে যেন জট কাটছেই না। গত মার্চ মাস পর্যন্ত এই ছবির নাম ছিল ‘ব্যাটল অফ গলওয়ান’ এবং শোনা গিয়েছিল যে এটি ভারত ও চীন বাহিনীর মধ্যে গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। তবে এখন প্রকল্পটি সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে, ছবির নাম বদলে ফেলা হয়েছে, চীন এবং গলওয়ান উপত্যকার সমস্ত রেফারেন্স বাদ দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে যে ছবির একটি বড় অংশের পুনরায় শুটিং করা হয়েছে।
সম্প্রতি আবার জানা গিয়েছিল, ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আপত্তির মুখে ছবিটির চিত্রনাট্যে বড়সড় রদবদল করতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। বিশেষ করে ছবিতে প্রতিপক্ষ হিসেবে প্রতিবেশী দেশ চীন-এর নাম উল্লেখ করার বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রক।
গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব এবং সীমান্ত সংঘাতের কাহিনী বড়পর্দায় ফুটিয়ে তোলার পরিকল্পনা ছিল সলমন খানের এই ছবিতে। তবে সূত্রের খবর, ছবির চিত্রনাট্য খতিয়ে দেখার পর প্রতিরক্ষা মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে যে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সংবেদনশীলতার কথা মাথায় রেখে সরাসরি কোনও দেশের নাম নেওয়া যাবে না। বিশেষ করে চীনের নাম ব্যবহার করলে তা কূটনৈতিক স্তরে জটিলতা সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন আধিকারিকরা।
এই আপত্তির ফলে চিত্রনাট্যকারদের এখন নতুন করে কলম ধরতে হয়েছে। জানা যাচ্ছে, সরাসরি 'চীন' নামটির বদলে কোনও কাল্পনিক নাম বা রূপক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এর মাঝেই ছবি মুক্তি নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তার ফলে চিন্তায় 'ভাইজান'-এর অনুরাগীরা।
















