দিল্লিতে নিট (NEET) পরীক্ষার নানা অনিয়ম এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র (CJP) ছাত্র বিক্ষোভের পাশে দাঁড়িয়েছেন সলমন খান। কিন্তু এর মধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে সলমনের এক কীর্তি। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনিও কি জড়িত?
পুরোনো এক সাক্ষাৎকারের ভাইরাল হওয়া সেই ক্লিপটিতে সেলিম খানকে বলতে শোনা যায়, তাঁদের বাড়িতে অতীতে 'গণেশ' নামের এক ব্যক্তির বেশ কদর ছিল। এমনকী তাঁর বসার জন্য আলাদা চেয়ার এবং চা এনে দেওয়ার বিশেষ ব্যবস্থাও করা হত। সেলিম খান কৌতুকের ছলে জানান, তিনি প্রথমে বুঝতেই পারেননি যে ওই ব্যক্তি কে, যাঁর এত খাতিরদারি চলছে। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে, যখনই কোনও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা লিক হতো, সেই গণেশই তা জোগাড় করে এনে তাঁদের হাতে তুলে দিত। এই কথা শোনার পরই হাসির রোল ওঠে অনুষ্ঠানে এবং খোদ সলমন নিজেও হাসিমুখে স্বীকার করেন যে সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো মূলত তাঁর জন্যই আসত!
এদিকে বর্তমান সময়ে যখন সলমন খান শিক্ষাব্যবস্থার বেহাল দশা ও পেপার লিকের বিরুদ্ধে রাস্তায় নামা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে পোস্ট করেছেন, ঠিক তখনই তাঁর এই পুরনো ভিডিওটি ইন্টারনেটে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টিকে একহাত নিয়ে অভিনেতার দ্বিমুখিতা বলে কটাক্ষ করতে শুরু করেছেন। তবে সলমনের অনুরাগীরাও চুপ নেই; তাঁদের পাল্টা দাবি, ছোটবেলায় স্কুলের পরীক্ষা নিয়ে মজার ছলে বলা কথাকে কখনওই বর্তমানের বড় কোনও প্রতিযোগিতামূলক বা জাতীয় স্তরের পরীক্ষার সঙ্গে মেলানো যায় না। সব মিলিয়ে এই পুরনো ভিডিওটি ঘিরে নেটদুনিয়ায় এখন মিশ্র প্রতিক্রিয়া ও জোর চর্চা চলছে।
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের সমর্থনে ইনস্টাগ্রামে 'ভাইজান' লেখেন, 'এত শান্তিপূর্ণ মুভমেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ভায়োলেন্ট রূপ নিল। যে ছাত্ররা আঘাত পেয়েছে তাঁদের এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। পেপার ফাঁস হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি খুশি যে আমাদের দেশের এই বাচ্চাগুলো একত্রিত হয়েছে উন্নতমানের এডুকেশন সিস্টেম চেয়ে। ওরা যে ডেডিকেশন দেখিয়েছে, যে পন্থা নিয়েছে সেটাকে আমি বাহবা জানাই। এই আন্দোলন, এই প্রতিবাদ একদম সঠিক পন্থা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য। ছাত্ররা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে বিষয়টা করেছে। এই ইস্যু ছাত্র এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেটাকে রাজনৈতিক রং লাগাবেন না। আশা করব সরকার ওদের সমর্থন করবে। শিক্ষাই পরবর্তী ট্রেন্ড এবং ফ্যাশন হোক।'
















