হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতদিন যা ছিল নিছক গুঞ্জন, এবার তাকে বাস্তবের রূপ দিলেন নির্মাতারা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আনুষ্ঠানিকভাবে এন্ট্রি নিলেন তিনবারের অস্কার মনোনীত জনপ্রিয় তারকা রায়ান গসলিং। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁকে দেখা যাবে মার্ভেলের পরবর্তী বহুল প্রতীক্ষিত সুপারহিরো ছবি 'ঘোস্ট রাইডার' -এর নামভূমিকায়। আগামী ২০২৮ সালে রূপোলি পর্দায় ঝড় তুলতে আসছে এই বিগ-বাজেট প্রজেক্ট।

২০০৭ সালে অস্কারজয়ী অভিনেতা নিকোলাস কেজ অভিনীত 'ঘোস্ট রাইডার' এবং ২০১১ সালের সিক্যুয়েল 'ঘোস্ট রাইডার: স্পিরিট অফ ভেঞ্জেন্স' বিশ্বজুড়ে ৩৬১ মিলিয়নের বেশি ব্যবসা করেছিল। মোটরসাইকেল স্টান্টম্যান জনি ব্লেজ, যিনি নিজের আত্মা বিক্রি করে আক্ষরিক অর্থেই আন্ডারওয়ার্ল্ডের প্রতিশোধের দূত হয়ে ওঠেন—সেই কালজয়ী চরিত্রটিকেই এবার নতুন করে বড় পর্দায় ফিরিয়ে আনছেন রায়ান গসলিং। অভিনেতা নিজেও জানিয়েছেন মার্ভেলের এই কমিকস সুপারহিরোর ভূমিকায় অভিনয় করা ছিল তাঁর বহু বছরের স্বপ্ন। এতদিনে তা পূরণ হল।
'স্টার ওয়ার্স: স্টারফাইটার' -এর পর রায়ান গসলিং আরও একবার হাত মেলাচ্ছেন পরিচালক শন লেভি এবং লেখক জোনাথন ট্রপার -এর সঙ্গে। শন লেভির পরিচালনায় এবং ট্রপারের চিত্রনাট্যেই তৈরি হবে এই ছবি।
মূল ছবিতে রায়ান গসলিংয়ের পার্টনার ইভা মেন্দেস 'রোক্সান সিম্পসন' চরিত্রে অভিনয় করেছিলেন। তবে নতুন এই রিবুটে তিনি আবার সেই চরিত্রে ফিরছেন কি না, সে বিষয়ে এখনও স্টুডিওর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। জানিয়ে রাখা ভাল, বাস্তবে কিন্তু রায়ানের স্ত্রী ইভা! তাই এই জুটিযদি বড়পর্দাতেও এবার আসে, তাহলে উত্তেজনার পারদ যে আরও চড়বে তা বলাই বাহুল্য।
'স্টার ওয়ার্স: স্টারফাইটার' ছবির কাজ শেষ করার পরেই ইউনিভার্স স্টুডিওর একটি গোপন প্রজেক্টে রায়ানের কাজ করার কথা ছিল। কিন্তু ‘ঘোস্ট রাইডার’-এর ডেটের সঙ্গে শিডিউল মিলে যাওয়ায় সেই হাই-প্রোফাইল ছবি থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন অভিনেতা। চলতি বছর আমাজন এমজিএম স্টুডিওর 'প্রজেক্ট হেইল মেরি' ছবির হাত ধরে ইতিমধ্যেই ৬৮৪ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করে বিশ্বজুড়ে ঝড় তুলেছেন গসলিং। এবার ঘোস্ট রাইডার হয়ে তাঁর এই নতুন জার্নি বক্স অফিসে কোন ইতিহাস গড়ে, সেটাই দেখার!
















