রূপম ইসলামের স্ত্রী তথা ফসিল্স ব্যান্ডের ম্যানেজার রূপসা দাশগুপ্তকে প্রকাশ্যে খুন করার হুমকি! কিন্তু কেন? কী ঘটেছে? এই ব্যক্তির বিরুদ্ধে কোনও কি পদক্ষেপ নিচ্ছেন তিনি, খোঁজ নিল আজকাল ডট ইন।
এদিন ফসিল্স ব্যান্ডের অনুরাগী পূজা দাস একাধিক স্ক্রিনশট পোস্ট করেন সমাজমাধ্যমে। সেখানেই তিনি জানিয়েছেন এক ব্যক্তি রূপসা দাশগুপ্তকে প্রকাশ্যে খুন করার হুমকি দিয়েছেন। সেই ব্যক্তি পূজাকে মেসেজে জানিয়েছেন তিনি কলকাতায় এলে রূপসা দাশগুপ্তকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে হত্যা করবেন। এমন ভয়ানক হুমকি পাওয়ার পর মুখ খুলেছেন খোদ রূপম-পত্নীও।
এদিন আজকাল ডট ইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টা জানতে চাওয়া হয়। কেন এই ব্যক্তি তাঁকে হুমকি দিচ্ছেন, এটাই প্রথম নাকি আগেও এ হেন হুমকি পেয়েছেন জানতে চাইলে রূপসা বলেন, "ওঁর মস্তিষ্কে একটু সমস্যা আছে।" তিনি আরও বলেন, "ওঁর অনেকদিন ধরেই এই সমস্যা চলছে। একবার ভাল বলে, একবার খারাপ বলে। এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। ওঁর চিকিৎসা চলছে। আজ পূজাকে নিয়ে অনেক কিছু লিখেছে, ওঁর বাবা মাকে নিয়ে বলেছেন, সেই জন্যই এই পোস্ট করেছে। নইলে এটা বহুদিন ধরেই চলে আসছে। আমরা এটাকে খুব একটা পাত্তা দিই না।" যেহেতু এভাবে প্রাণে মারার হুমকি পাচ্ছেন, তাঁরা কি আইনের সাহায্যে নেবেন? এই বিষয়ে তিনি জানান, এখনই কোনও সিদ্ধান্ত নেননি।
পূজার পোস্টে রূপসা জানান, 'আমি রাহি চক্রবর্তীকে বহু বছর ধরে চিনি। আজকের সকালের আগে পর্যন্ত আমি ওঁকে ক্রমাগত সাহায্য করে গিয়েছি। রাহি রূপমকে নিয়ে ভীষণ অবসেসড। দিনরাত আমি ওর অসংখ্য মেসেজ পাই। কখনও আমি ওর কাছে দিদি, কখনও ওর টিচার, কখনও বাংলা রক সঙ্গীতের জন্য অনেক কিছু করেছি এমন একজন মানুষ, কখনও ব্যান্ড কী করে ম্যানেজ করতে হয় সেটা শেখানোর লোক। পরদিনই আবার ও বলে আমি নাকি বাংলা রককে শেষ করে দিয়েছি। কখনও আমায় রূপসা দাশগুপ্ত বলে, কখনও কাকিমা, কখনও আবার ভিলেন, সবটাই ওর মুডের উপর আর সেদিন ও কোন গল্প বলছে সেটার উপর নির্ভর করে।' রূপসা এদিন আরও লেখেন, 'ও এমন একাধিক মেসেজ করেছে যেখানে ও আত্মহত্যা করার কথা বলেছে, জানিয়েছে নিজেই নিজের কুকুরকে মেরেছে, ও নাকি আমায় আর রূপমকে কেনার ক্ষমতা রাখে।'
রূপম-পত্নী তাঁর মন্তব্যে দাবি করেন এই ব্যক্তি নাকি তাঁর এআই দ্বারা নির্মিত ভিডিও ছড়িয়েছেন। এত কিছুর পরও রূপসা তাঁর সাহায্য করার চেষ্টা করেছেন, কিন্তু এখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি তাঁকে ব্লক করেছেন বলেই জানান।
রূপসা তাঁর মন্তব্যে এদিন জানান, তাঁর কাছে রাহির সমস্ত কথোপকথনের স্ক্রিনশট রয়েছে। তিনি চাইলে বহু আগেই আইনি পদক্ষেপ নিতে পারতেন তাঁর বিরুদ্ধে। কিন্তু এড়িয়ে গিয়েছেন।















