'যমুনা ঢাকি'র পর ফের জুটিতে ফিরছেন রুবেল-শ্বেতা। ওই ধারাবাহিকের শুটিং সেটেই প্রেম হয় দু'জনের, তারপর বিয়ে। বিয়ের পর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাঁদের। তবে এবার জি বাংলায় ফিরছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য।
অর্গানিক স্টুডিওর ব্যানারে আসছে একটি নতুন প্রেমের গল্প। আর এই প্রেমের গল্পের নায়ক-নায়িকা রুবেল-শ্বেতা। ইতিমধ্যেই নাকি লুক সেট হয়ে গিয়েছে তাঁদের। আর কিছুদিনের মধ্যেই হবে ধারাবাহিকের প্রোমো শুটিং। বিয়ের পর যদিও তাঁরা জুটি বেঁধে জি বাংলার বিভিন্ন রিয়্যালিটি শো বা বিশেষ পর্বের অনুষ্ঠানে এসেছেন। কিন্তু নায়ক-নায়িকা হিসেবে দেখা যায়নি।
রুবেল-শ্বেতার জুটিকে দর্শক যেমন পর্দায় দেখতে পছন্দ করেন, তেমন পর্দার বাইরেও তাঁদের কেমিস্ট্রি নিয়ে কম চর্চা হয় না অনুরাগী মহলে। তাঁদের জুটিকে ফের পর্দায় দেখার ইচ্ছে বহুদিন ধরেই ছিল দর্শকের। এবার সেই ইচ্ছেপূরণের পালা।
শ্বেতাকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে' তে। ওই মেগায় শ্বেতা জুটি বেঁধেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। অন্যদিকে, রুবেলের শেষ কাজও ছিল জি বাংলাতেই। 'তুই আমার হিরো'তে নায়কের চরিত্রে দর্শক দেখেছিলেন তাঁকে। রুবেলের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী মোহনা মাইতিকে। দুই মেগা শেষ হওয়ার পর থেকে খানিকটা বিরতি নিয়েছিলেন রুবেল-শ্বেতা। যদিও দু'জনেই জানিয়েছিলেন, ভাল চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই কাজে ফিরবেন। এবার একেবারে জুটিতে চমক দেবেন এই তারকা দম্পতি।
প্রসঙ্গত, বর্তমানে টিআরপিই ধারাবাহিকের শেষ কথা। রুবেল-শ্বেতা মানেই টিআরপিতে বাজিমাত। তাঁরা থাকা মানেই হিট সেই। ধারাবাহিক। এবার জোড়ায় ধামাকা দিতে প্রস্তুত তাঁরা।















