ছোটপর্দায় দর্শকের প্রিয় নায়িকাদের মধ্যে অভিনেত্রী রুকমা রায়ের নাম থাকেই। 'কিরণমালা' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। তারপর থেকেই একের পর এক ধারাবাহিকে নজর কেড়েছেন রুকমা। তাঁকে দেখা গিয়েছে ওয়েব সিরিজেও। এবার অভিনেত্রীকে দেখা যেতে চলেছে ভৌতিক ঘরানার ছবিতে।‌ এই প্রথমবার বড়পর্দায় মুখ্য চরিত্রে থাকবেন রুকমা। 

ভৌতিক রেলওয়ে স্টেশন বেগুনকোদর। কমবেশি এই স্টেশনের নাম সবাই শুনেছেন। এই স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ভৌতিক কাণ্ড। কিন্তু রয়েছে রহস্যের ছাপও। ভূত-মানুষের উপাখ্যান নিয়ে এবার রহস্য উন্মোচনে এগিয়ে এসেছেন পরিচালকদ্বয় সুচন্দ্রা ভানিয়া ও চন্দ্রদয় পাল। ছবির নাম 'পরবর্তী স্টেশন বেগুনকোদর'। এই ছবিতেই দেখা যাবে রুকমাকে। এছাড়াও গল্পের তিন মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম মজুমদার, দেবরাজ ভট্টাচার্য ও স্যান্ডিকে। 

ছবিতে 'মুস্তাক'-এর চরিত্রে স্যান্ডি, 'অর্ঘ্য'র চরিত্রে দেবরাজ, ও নয়ন'-এর চরিত্রে সোহমকে দেখা যাবে। গল্পে তিনজন বেগুনকোদর যায় ভৌতিক রহস্যের সমাধান করতে। সেখানে পৌঁছে কী হয় তাঁদের সঙ্গে? কোন সত্যির মুখোমুখি হন তাঁরা? উত্তর মিলবে ছবির গল্পে। এই ছবিতে রুকমা ঠিক কোন চরিত্রে থাকবেন, সেটা এখনও রহস্য। ভূতের খপ্পরে কি তিনিও পড়বেন? নাকি নিজেই ভয় দেখাবেন? জানার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তির। ইতিমধ্যেই কলকাতার অংশের শুটিং শেষ হয়েছে এই ছবির। এরপর বাকিটা হবে আউটডোরে। 

সোহম ও দেবরাজকে দর্শক চেনেন বেশ ভালভাবেই। হিন্দি ও বাংলা মাধ্যমে চুটিয়ে কাজ করছেন সোহম। অন্যদিকে, ছবি থেকে ওটিটির দুনিয়ায় দেবরাজ বিভিন্ন চরিত্রে দর্শকের মন জয় করেছেন। স্যান্ডির ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে কোরিওগ্রাফির জগতে নিজের জায়গা তৈরি করেন। বিভিন্ন রিয়্যালিটি শো, অ্যাওয়ার্ড শো এবং চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেছেন তিনি। এরপর ধীরে ধীরে সিরিজ থেকে বড়পর্দায় নজর কাড়ছেন তিনি। অন্যদিকে, জানা যাচ্ছে, এতদিন বিভিন্নরকম ছকভাঙা চরিত্রে রুকমাকে যেভাবে দেখেছেন দর্শক তাতে তাঁর অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছে। এই ছবিতেও একেবারে ভিন্ন চরিত্রে ধরা দেবেন তিনি। রুকমাকে দর্শক শেষ দেখেছিলেন জি ফাইভের ওয়েব সিরিজ 'কালীপটকা'তে।