মঞ্চে 'কান্তারা' ছবির প্রশংসা করতে গিয়ে দক্ষিণী লোককথার ‘দৈব’ আরাধনার ঠাট্টার ছলে ব্যাঙ্গাত্মক অনুকরণ করেছিলেন রণবীর সিং। সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক বিতর্ক! মামলা দায়ের হয় রণবীরের বিরুদ্ধে। আদালতের তরফেও 'ধুরন্ধর' নায়কের কপালে জুটেছিল ভর্ৎসনা।  এরপর রণবীরকে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন 'কান্তারা'র পরিচালক-অভিনেতা ঋষভ শেট্টি নিজেও। 'কান্তারা' ছবিতে ব্যবহৃত এই আচারকে “সংবেদনশীল” ও “পবিত্র” বলে উল্লেখ করে তিনি জানিয়েছিলেন,  মঞ্চে হালকা মেজাজে করা এ ধরনের উপস্থাপনা তাঁকে অস্বস্তিতে ফেলে।

সেই প্রেক্ষাপটে, রণবীরের নতুন ছবি 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' নিয়ে ঋষভের সাম্প্রতিক মন্তব্য ইন্ডাস্ট্রিতে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। 'ধুরন্ধর ২' দেখার পরএক্স-এ  পোস্ট করে ঋষভ শেট্টি ছবিটির প্রশংসা করেন। তাঁর মতে, ছবিটি “প্রথম দৃশ্য থেকেই দর্শককে ধরে রাখে” এবং “এটি শুধু সিক্যুয়েল নয়, বরং একটি স্টেটমেন্ট।”

 

 

পোস্টে ঋষভ অভিনয় ও এ ছবি তৈরির কৌশল —দু'টি দিকেরই প্রশংসা করেন। এবং নিজের সেই পোস্ট তিনি ট্যাগ করেন আর মাধবন, অর্জুন রামপাল, রাকেশ বেদি, সারা অর্জুন এবং রণবীর সিং-কে!। পাশাপাশি সঞ্জয় দত্তের অভিনয়েরও আলাদা করে প্রশংসা উঠে এসেছে তাঁর লেখায়।শুধু অভিনয় নয়, ছবির প্রযুক্তিগত দিক—বিশেষ করে ভিজ্যুয়াল, সঙ্গীত এবং সম্পাদনার কাজকেও তিনি উল্লেখযোগ্য বলে জানান।
উল্লেখযোগ্যভাবে, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব মুক্তির সময় ঋষভ কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে দ্বিতীয় কিস্তি নিয়ে তাঁর এই প্রকাশ্য প্রশংসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।

এদিকে, পরিচালক আদিত্য ধরের এই ছবি বক্স অফিসেও দাপট দেখাচ্ছে। বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৫০০ কোটির বেশি ব্যবসা করেছে ‘ধুরন্ধর ২’।ঋষভ শেট্টির পাশাপাশি দক্ষিণের জনপ্রিয় নায়ক রবি তেজা-ও ছবিটির প্রশংসা করেছেন। তিনি রণবীরের পারফরম্যান্সকে “আগুন” বলে উল্লেখ করেন এবং ছবিটিকে “ব্লাস্টিং এক্সপিরিয়েন্স” আখ্যা দেন। দক্ষিণী ইন্ডাস্ট্রির আরও কয়েকজন তারকা, যেমন জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন, মহেশ বাবু এবং তারকা-পরিচালক  এস এস রাজামৌলি ও রাম গোপাল বর্মা-ও ছবিটির দিলখোলা প্রশংসা করেছেন।

সব মিলিয়ে, বিতর্কের পর সম্পর্কের সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত এবং বক্স অফিস সাফল্য—এই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে ‘ধুরন্ধর ২’ এখন ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ছবি।