অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর জেরে প্রতিবাদে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। রাহুলের প্রয়াণের পর প্রশ্ন উঠে আসছে লীনা গাঙ্গুলির প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের অব্যবস্থাপনা নিয়ে। এই ঘটনার জেরে লীনার প্রযোজনার দুটি ধারাবাহিক 'চিরসখা' ও 'ভোলেবাবা পার করেগা' ছেড়েছেন অভিনেত্রী রেশমি সেন। 

মঙ্গলবার টলিপাড়ার শুটিং বন্ধের ডাক দিয়েছে ফেডারেশন ও আর্টিস্ট ফোরাম। চলছে টলিউডের আভ্যন্তরীণ মিটিং।‌ সেখানেই উপস্থিত হয়ে অভিনেত্রী রেশমি সেন বিস্ফোরক মন্তব্য করলেন। 

রেশমি বলেন, "লীনা গাঙ্গুলির চিত্রনাট্যে একটা লাইনও এদিক-ওদিক করা যায় না। সেখানে রাহুল কীভাবে নিজে নিজেই সমুদ্রে চলে যাবে? আর সবচেয়ে বড় কথা শুটিংয়ে ড্রোন ব্যবহার করলে সাধারণ ক্যামেরাম্যান দিয়ে সেটা চালানো যাবে না। ড্রোন ম্যান লাগবে তার জন্য। সেই জন্য হুটহাট কোনও সিদ্ধান্তে যে আসা হয়নি সেটা বোঝাই যাচ্ছে।"

রেশমি আরও বলেন, "আমি যেদিন খবর পেলাম রাহুলের মারা যাওয়ার, তার পরের দিনই ধারাবাহিক ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমার হাতে কোনও কাজ নেই। আমি তো কনট্র্যাক্টে ছিলাম না, ফ্রিল্যান্সিং করতাম। ফলে অফিশিয়াল চিঠি দিতে হয়নি। আমি আর্টিস্ট ফোরামের আমার সিনিয়রদের, ইসি কমিটিকে জানিয়েছি সবটা, তারপর শুটিং ছেড়েছি।"

প্রসঙ্গত, শুটিং ফ্লোরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টলিপাড়ায় উঠছে প্রশ্ন। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল প্রয়াণে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের পক্ষ থেকে সেভাবে কোনও যুক্তি না আসায় আর্টিস্ট ফোরাম ও রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের পক্ষ থেকে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কলকাতায় ও রাহুলের মৃত্যুর ঘটনাস্থল তালসারিতে। রাহুলের মৃত্যুর পর উঠে এসেছে শুটিং ফ্লোরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সেই সমস্যার প্রতিবাদেই টলিপাড়ায় এখন শুটিং বন্ধ। তবে চলছে মিটিং। এই মিটিং-এ টলিউডের ফ্লোরের নতুন এসওপি নির্ধারিত হবে। সেটায় যদি ইম্পা ও প্রযোজকদের সমর্থন থাকে, তাহলে আর শুটিং বন্ধ থাকবে না। নিয়ম মেনেই চলবে রোজের শুটিং পর্ব।